কুষ্টিয়ার দৌলতপুরে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই নিহত

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০৯-১৪ ১১:৫৬:২৩


কুষ্টিয়ার দৌলতপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের ধারালো হাসুয়ার কোপে ছোট ভাই ইমদাদুল বাদাল (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে ও এক চাচাতো ভাই গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইমদাদুল ওই গ্রামের মৃত ফুল চাঁদের ছেলে।

আহত দুজন হলেন নিহত ইমদাদুলের ছেলে তপন (১৯) ও তার চাচাতো ভাই মৃত আলেকের ছেলে বাবুল হোসেন (৩২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বড় ভাই বজলু রহমানের সঙ্গে ইমদাদুলের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে রোববার সন্ধ্যায় দুই ভাইয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে বজলু রহমান ধারালো হাসুয়া দিয়ে ইমদাদুলকে এলোপাতাড়ি কোপাতে থাকেন।

এ সময় বাবাকে রক্ষা করতে এগিয়ে গেলে তপনকেও শরীরের বিভিন্ন স্থানে হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে বাবুল হোসেন বাধা দিতে গেলে তাকেও হাসুয়া দিয়ে আঘাত করা হয়। এতে তার পেটে গুরুতর জখম হয়।

স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তপনকে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। বাবুল হোসেনকেও আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী, দুজনই সেখানে চিকিৎসাধীন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক ও জমিজমা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। হামলায় ঘটনাস্থলেই একজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান চলছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এনজে