রাজধানীর উত্তরখান থেকে ৮ যুবলীগ নেতা গ্রেপ্তার

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৯-১৪ ০৯:৪১:১১


রাজধানীর উত্তরাখানের তালতলা এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের আট নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ গ্রেপ্তার) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মাজহারুল ইসলাম রায়হান (৩৩), মো. রাকিব (২৩), মো. তানভীর খান (২৬), মো. আব্দুর রহমান (৪০), মো. সিফাত (২৩), মো. মাহফুজার রহমান (২৪), মো. আশিক মিয়া (২৩) ও মো. বকুল আহমেদ রাজু (২৪)।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বাসসকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তালতলা এলাকায় যুবলীগের একটি বৈঠক চলাকালে অভিযান চালায় পুলিশ।  এসময় যুবলীগের আট নেতাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, পুলিশের অভিযানের সময় অজ্ঞাতনামা অন্তত ৩০ জন নেতাকর্মী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে এবং বিজ্ঞ আদালত তাদের প্রত্যেককে চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। একই সঙ্গে পালিয়ে যাওয়া অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এনজে