রিজভী
একটি দল ধর্মের নামে রাজনীতি করে মানুষের বাড়িঘর জ্বালিয়ে দেয়
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৯-১৩ ২১:০৫:১০
একটি দল ধর্মের নামে রাজনীতি করে মানুষের বাড়িঘর, গাছপালা জ্বালিয়ে দেয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, আওয়ামী লীগের দুঃশাসনে জুলাই আন্দোলনে রক্তের গঙ্গা বয়ে গিয়েছিল। শিশু থেকে শুরু করে স্কুল-কলেজ, ইউনিভার্সিটির বাচ্চাদেরকে যারা গুলি করে হত্যা করল, পুলিশকে লেলিয়ে দিয়েছে, র্যাবকে লেলিয়ে দিয়েছে, যারা হেলিকাপ্টার থেকে ছাত্রদের মিছিলে গুলি করেছে এই বর্বর পশুদের বিরুদ্ধে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে পতন ঘটিয়েছে।
অথচ ৫ আগস্টের পর এই রাজনৈতিক দলটি (জামায়াতে ইসলামী) বলল, আমরা আওয়ামী লীগকে মাফ করে দিয়েছি। তাহলে তাদের রাজনৈতিক ইতিহাস হচ্ছে বর্বরদের পক্ষে। গণতন্ত্র বিনাসকারীদের সঙ্গে সম্পর্ক রক্ষা করা। তারা ধর্মের নামে রাজনীতি করে সাধারণ মানুষের ঘর-বাড়ি গাছপালা সব জ্বালিয়ে দেয়। তারা ধর্মের নামে বেহেশতের টিকিট বিক্রি করে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা সোনাপুর গ্রামে গত ১২ ফেব্রুয়ারি নির্বাচন-পরবর্তী সহিংসতায় ধানের শীষে ভোট দেওয়ায় অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তরের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিএনপি বিরোধীদলে থাকাকালীনও জনগণের কাছে এসেছে, ক্ষমতায় এসেও জনগণের কাছে এসেছে। তাই যেখানে ধর্ম, যেখানে মানবতা, যেখানে সামাজিক সুরক্ষা, যেখানে মানুষকে আর্থিক অবস্থা দাঁড় করানো সেখানেই বিএনপি এবং তারেক রহমান।
তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় তৎকালীন বিরোধীদল বিএনপির বহুসংখ্যক নেতাকর্মীদের গুম-খুন করা হয়েছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগেও এবং প্রধানমন্ত্রী হওয়ার পরেও সেই সব পরিবারের পক্ষে দাঁড়িয়েছেন। এ জন্য তিনি আমরা জিয়া পরিবার নামে একটি সংগঠন তৈরি করেছেন।
চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে অনান্যদের মাঝে বক্তব্য দেন, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আমরা জিয়া পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হিরা, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লার ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম প্রমুখ।
প্রসঙ্গত, গত ৪ এপ্রিল সন্ধ্যায় ধানের শীষে ভোট দেওয়ায় চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের সোনাপুর গ্রামের ৫টি পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। পরে প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নতুন ঘর করে দেওয়ার নির্দেশ দেন। ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের ব্যানারে রোববার পরিবারগুলোকে ঘরের চাবি ও ছাগল হস্তান্তর করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













