দেশকে মাদকমুক্ত করতে খেলার বিকল্প নাই : বিমানমন্ত্রী

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০৯-১৩ ২১:৪৩:০৮


দেশকে মাদকমুক্ত করতে খেলার বিকল্প নাই বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ক্রীড়া প্রতিমন্ত্রী বিভিন্ন ধরনের খেলা সারাদেশে আয়োজন করছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর জেলা ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুরের জেলা প্রশাসক ইউসুফ আলী।

এ সময় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, জামালপুর-২ আসনের সংসদ সদস্য এইচ সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম ও জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন উপস্থিত ছিলেন।

জামালপুর জেলা প্রশাসনের আয়োজনে গত ২৩ আগস্ট এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এতে জেলার ৭টি উপজেলা ও ১টি পৌরসভার ফুটবল দল অংশ নেয়। মাঠপর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করাই ছিল এ আয়োজনের প্রধান উদ্দেশ্য।

রোববার বিকেলে অনুষ্ঠিত ফাইনালে মেলান্দহ উপজেলা ও সরিষাবাড়ী উপজেলা ফুটবল দল মুখোমুখি হয়। টাইব্রেকারে মেলান্দহকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সরিষাবাড়ী উপজেলা ফুটবল দল।

ফাইনাল খেলা দেখতে জেলার ৭টি উপজেলা থেকে কয়েক হাজার মানুষ মাঠে জড়ো হন। স্টেডিয়ামের ধারণক্ষমতার চেয়ে দর্শক বেশি হওয়ায় অনেককে স্টেডিয়ামের বাইরেও অবস্থান করতে দেখা যায়।

বিএইচ