ছাগল মরার খবর শেয়ার করা সেই সাংবাদিকের জামিন

প্রকাশ: ২০১৭-০৮-০২ ১৮:১৪:৩৯


khulonaপ্রতিমন্ত্রীর বিতরণ করা ছাগল মারা যাওয়ার খবর ফেসবুকে শেয়ার করায় ৫৭ ধারার মামলায় গ্রেফতার সাংবাদিক আবদুল লতিফকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত।
আজ বুধবার বেলা ১১টা ৪০ মিনিটে খুলনার বিচারিক হাকিম নুসরাত জাবিন ওই সাংবাদিকের জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান মোল্লা বলেন, জামিনের শুনানি শেষে আদালত ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিন দেন। এই জামিন পুলিশের অভিযোগপত্র না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

আব্দুল লতিফ মোড়ল খুলনার স্থানীয় দৈনিক প্রবাহের ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি।

মামলার এজাহারে বলা হয়, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দের বিতরণ করা ছাগল মারা যাওয়া সংক্রান্ত খবর ছবিসহ ফেসবুকে শেয়ার দিয়ে আপত্তিকর মন্তব্য করে তার মানহানি করেছেন সাংবাদিক আবদুল লতিফ।

স্থানীয়রা জানান, গত শনিবার প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ডুমুরিয়ায় দুস্থদের মাঝে হাঁস, মুরগি ও ছাগল বিতরণ করেন।

বিতরণ করা ছাগলগুলোর মধ্যে একটি ওই দিন রাতেই ওই এলাকার এক ব্যক্তির ঘরে মারা যায়।

এর আগে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানিয়েছিলেন, ৩০ জুলাই একটি অনলাইন সংবাদমাধ্যমে ‘প্রতিমন্ত্রী ছাগল দিলেন সকালে, মারা গেল রাতে’ শিরোনামের একটি সংবাদ প্রকাশিত হয়। সেটি ফেসবুকে শেয়ার করেন আবদুল লতিফ। এতে তিনি প্রতিমন্ত্রীর একটি ছবি দেন এবং কটাক্ষ করে মন্তব্য করেন। সে বিষয়টি উল্লেখ করে আবদুল লতিফের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে মামলাটি গ্রহণ করে গভীর রাতেই ডুমুরিয়ার বাসা থেকে ওই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রগুলো বলছে, বাদী সাংবাদিক নন। তিনি খুলনা-৫ আসন থেকে নির্বাচিত হয়ে প্রতিমন্ত্রী হওয়া নারায়ণ চন্দ্র চন্দর অনুগত লোক।