মহাসড়কে যানজট নেই তবে ধীর গতি

প্রকাশ: ২০১৭-০৮-৩০ ১০:২১:৫১


Roadমাঝে মাত্র দুইদিন। এরপরই ঈদুল আজহা। ইট-পাথর আর কংক্রিটের শহর ছেড়ে নাড়ির টানে গ্রামে ছুটছে মানুষ। বন্যা আর অতিবৃষ্টির কারণে সড়ক, মহাসড়ক বেহাল অবস্থায়। পথে রয়েছে নানা দুর্ভোগের শঙ্কা।
ঈদের সময় সড়কের মতো ট্রেন যাত্রাও খুব সুখকর নয়। ঢালাওভাবে স্ট্যান্ডিং টিকিট দেওয়া হয়। তাদের জন্য সিট পাওয়া যাত্রীদের নড়াচড়ারও উপায় থাকে না। ট্রেনের ছাদেও থাকে মানুষ। তবে এতো কষ্টের মাঝেও মানুষ তেমন কোন অভিযোগ করে না। তারা বাড়িতে পৌঁছাতে পারলেই মহাখুশি। আশার কথা গতকাল মঙ্গলবার দেশের কোথায় তীব্র যানজটের খবর পাওয়া যায়নি। তবে ঢাকা-টাঙ্গাইল এবং ঢাকা-চট্টগ্রামের দাউদকান্দি গোমতী ব্রিজের পশ্চিম প্রান্তে যানবাহন চলাচল করেছে ধীরগতিতে।
 
মহাসড়ক:
হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম বলেন, রাস্তাঘাটের অবস্থা নিয়ে কয়েক দিন ধরে আমরা চরম আতঙ্কেই ছিলাম। আশঙ্কা করেছিলাম বৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কোনভাবেই সম্ভব হবে না। কিন্তু গতকাল সে ধরনের পরিস্থিতির মুখোমুখি আমাদের হতে হয়নি। ঢাকা-টাঙ্গাইল সড়কে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে গেলেও যানজট হয়নি। তবে গাড়ির গতি ছিল ধীর। অন্যদিকে ঢাকা চট্টগ্রামে কোন যানজট হয়নি। সকালের দিকে এ রোডে গাড়ির চাপ ছিল। দুপুরের পর থেকে রাস্তা ফাঁকা হয়ে যায়। দাউদকান্দির গোমতি ব্রিজে একটি মালবাহী ট্রাক বিকল হয়ে পড়লে কিছু জটিলতা তৈরি হয়েছিল। তবে তা দ্রুত সরিয়ে ফেলার ব্যবস্থা করা হয়। এরপরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। অন্য দিকে ঢাকা-সিলেট, ঢাকা- ময়মনসিংহ রোডে কোন যানজট ছিল না। আগামীকাল (আজ বুধবার) কী হবে-এমন প্রশ্নে তিনি বলেন, বৃষ্টি না হলে আশাকরি কোন সমস্যা হবে না।
রেলপথ:
 
গতকাল রাজধানীর কমলাপুর রেলস্টেশনের প্লাটফর্মে দাঁড়ানো ট্রেনগুলো ছিল কানায় কানায় পূর্ণ। তবে সবচেয়ে বেশি ভিড় ছিল উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতে। গতকাল কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোর ছাদে কোন যাত্রীকে উঠতে দেওয়া হয়নি। এ ব্যাপারে কঠোর নজরদারি ছিল রেল নিরাপত্তাকর্মী ও রেল পুলিশ সদস্যদের। বার বার মাইকে ছাদে না ওঠার ষোষণা দেওয়া হয়। কমলাপুর স্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তী বলেন, আশা করছি সবার ঈদযাত্রা সুন্দর হবে। স্টেশনে সবসময় মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে কেউ যেন ট্রেনের ছাদে ভ্রমণ না করেন। যাত্রীদের দেখভাল এবং নিরাপত্তা ব্যবস্থা ঠিক রাখতে রেলওয়ে কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কমলাপুর স্টেশন থেকে ৪০টি ট্রেন ছেড়ে গেছে। তবে সুন্দরবন ও নীলসাগর এক্সপ্রেস দু ঘণ্টা বিলম্বে ছেড়েছে। রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক মুজিব গতকাল কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। এ সময় তিনি ঈদ উপলক্ষে ঘরমুখো ট্রেন যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। ট্রেনের ভিতরের পরিবেশ সম্পর্কে খোঁজ নেন।
মহাসড়কে কোনো সমস্যা নেই:
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সারাদেশের সড়ক ও মহাসড়কে কোনো সমস্যা নেই। যেসব রাস্তা খারাপ ছিল সেগুলোর মেরামত কাজ সম্পন্ন হয়ে গেছে। তাই সড়কের জন্য কোথাও যানজট হওয়ার আশঙ্কা নেই। গতকাল মঙ্গলবার রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে ঘরমুখো যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভিজিলেন্স টিমের কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত:
পদ্মায় তীব্র স্রোতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এবারের বর্ষা মৌসুমে পদ্মা নদীর পানি বৃদ্ধির পর থেকেই নদীতে স্রোতের কারণে নৌপথে এ সমস্যার সৃষ্টি হয়েছে। এ কারণে দৌলতদিয়া প্রান্তে প্রতিদিনই দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও যানবাহনের চালকরা। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় ১৯টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল করছে। এ দিকে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রুস্তম আলী খান বলেছেন, মাওয়া-কাওড়াকান্দি এবং দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে অসংখ্য গরুবাহী ট্রাক যানজটের মধ্যে আটকে আছে। তিনি গরুবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে ফেরি পারাপারে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।