দুই পরিচালক যোগ দিলেন এফআরসিতে
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৮-১১-২৮ ০৮:৫১:৫৮
দেশের হিসাব ও নিরীক্ষাচর্চা উন্নয়নের লক্ষ্যে গঠিত ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলে (এফআরসি) দুজন নতুন নির্বাহী পরিচালক যোগ দিয়েছেন। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মো. আনোয়ারুল করিম ও মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে এফআরসি। আরো দুজন নির্বাহী পরিচালক নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানা গেছে।
মো. আনোয়ারুল করিম মানদণ্ড নির্ধারণ ও মোহাম্মদ মহিউদ্দীন আহমেদ আর্থিক প্রতিবেদন মনিটরিং বিভাগের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা দুজনই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের সংগঠন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সদস্য।
মো. আনোয়ারুল করিম ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ১৯৮২ সালে বাণিজ্যে ডিগ্রি অর্জন করেন। ১৯৮৬ সালে তিনি আইসিএবির সনদ লাভ করেন। তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ৩০ বছরের বেশি সময় ধরে বহিঃনিরীক্ষা কার্যক্রমে যুক্ত ছিলেন। যুক্তরাষ্ট্রের সিপিএ লাইসেন্সপ্রাপ্ত হিসেবে ১৯৯০ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি সেখানকার বিভিন্ন সিপিএ ফার্মে বহিঃনিরীক্ষার কাজ করেছেন। পরবর্তীতে ২০০৩ সাল থেকে তিনি বাংলাদেশের সিএ ফার্ম একনাবিন ও আর্টিজানের অংশীদার হিসেবে জনস্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নিরীক্ষকের দায়িত্ব পালন করেন। তিনি পেশাগত মানদণ্ড পরামর্শক হিসেবে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত প্রকল্পে সিএ ফার্ম অডিট প্র্যাকটিস, আইসিএবি সিলেবাস ও স্টাডি ম্যানুয়াল আন্তর্জাতিক মান অনুসারে আইএফআরএস এবং আইএসএতে রূপান্তর প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ছিলেন। তাছাড়া তিনি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে তাজিকিস্তান, তানজানিয়া, উগান্ডা ও লাইবেরিয়ার হিসাবমান উন্নয়ন প্রকল্পে কাজ করেছেন।
এফআরসির আর্থিক প্রতিবেদন মনিটরিং বিভাগের নির্বাহী পরিচালক মোহাম্মদ মহিউদ্দীন আহমেদ ১৯ বছরেরও বেশি সময় ধরে দেশের ব্যাংকিং, বাণিজ্য ও সেবা খাতে সংশ্লিষ্ট ছিলেন। এফআরসিতে যোগদানের আগে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের রেগুলেটরি রিপোর্টিং, গ্রুপ ফিন্যান্সিয়াল অ্যান্ড রেগুলেটরি রিপোর্টিং এবং ফিন্যান্স অপারেশন্স রিস্ক অ্যান্ড কন্ট্রোলস বিভাগের প্রধান হিসেবে ১২ বছর দায়িত্ব পালন করেছেন। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যোগ দেয়ার আগে তিনি ট্রান্সকম গ্রুপের হিসাব ব্যবস্থাপক হিসেবে চার বছর কাজ করেছেন। ২০০১ সালে তিনি সিএ সনদ অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে বিকম ও এমকম ডিগ্রি সম্পন্ন করেছেন। ২০০২ সাল থেকে তিনি আইসিএবির বিভিন্ন কমিটিতে সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














