অর্থমন্ত্রী ভুল করেছেন : সিইসি

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৮-০৯-০৬ ২২:০৩:২৮


প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, নির্বাচনের তারিখ ঘোষণা করে মাননীয় অর্থমন্ত্রী ভুল করেছেন। তার একথা বলা কোনভাবেই উচিত হয়নি। তিনি এটা বলতে পারেন না। আমি মিডিয়ার সামনে বলছি, তিনি এটা ভুল করেছেন তার এটা বলা উচিত হয়নি।
বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল রেডিসনে দক্ষিণ এশিয়ার আটটি দেশের নির্বাচন কমিশনের সংগঠন ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়ার (ফেমবোসা) সম্মেলনের সমাপনী দিনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে গতকাল বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন, তার প্রতিক্রিয়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, এবারের ফেমবুসা সম্মেলনে ঢাকা রেজ্যুলেশন নামে নয়টি ঘোষণা দেওয়া হয়েছে। সম্মেলেনে উপস্থিত আট সদস্য দেশের নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। তারা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে অত্যন্ত আগ্রহ প্রকাশ করেছেন। বিশেষ করে বাংলাদেশের ভোটার আইডি কার্ড, ইভিএম পদ্ধতি, স্থানীয় নির্বাচনে ইভিএমের ব্যবহার, ভোটর তালিকা রেজিস্ট্রেশন পদ্ধতি বিষয়েও তারা আগ্রহ প্রকাশ করেছেন।
এ সময় চার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, শাখাওয়াত হোসাইন চৌধুরী, কবিতা খানম, রফিকুল ইসলাম ও ইসি সচিব হেলাল উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।