‘বর্গাচাষীরা জামানতবিহীন ঋণ পাচ্ছে, কোটি কৃষক ভর্তুকি পাচ্ছে’
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-০৯-০৮ ১২:২৩:১৭
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আজ ২ কোটি ১৩ লাখেরও বেশি মানুষ কৃষি উপকরণ কার্ড পেয়েছে। তাঁদের কাছে কৃষি উপকরণ পৌঁছে যাচ্ছে। আমরা কৃষকদের ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করে দিয়েছি। আজ বর্গাচাষীরা জামানতবিহীন ঋণ পাচ্ছে। ১ কোটি কৃষক ভর্তুকি পাচ্ছে। ’
শনিবার (৮ সেপ্টেম্বর) সকালে কৃষিবিদ ইনস্টিটিউশনে ৬ষ্ঠ জাতীয় কনভেনশন ও আন্তর্জাতিক কৃষি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের সব উন্নয়ন প্রকল্প বন্ধ করে দিয়েছিল ৭৫ এর পরবর্তী ক্ষমতাসীন জিয়া সরকার। দেশ আজ অর্থনৈতিকভাবে স্বয়সম্পূর্ণ। বর্গা চাষীদের জন্য ঋণের ব্যবস্থা করে দিয়েছে আওয়ামী লীগ সরকার।’
তিনি বলেন, ‘দেশ এগিয়ে যাক এটাই বর্তমান সরকারের একমাত্র লক্ষ্য। ভৌগলিক অবস্থাগত কারণে আপদকালীন সময়ে জন্য খাদ্য মজুদ রাখতে হবে।’
জিয়া-এরশাদ ও খালেদা জিয়ার সরকারগুলোর সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘ওই সময়ে সারের দাবিতে ১৮ জন কৃষককে জীবন দিতে হয়েছিল। জানি না এমন ঘটনা আর কোথাও ঘটেছে কি-না। ১৯৭৫ সালের পরবর্তী ক্ষমতাসীনরা চেয়েছিল বাঙালি ভিক্ষুক জাতি হিসেবে থাকুক। তাই তো বিএনডিসি বন্ধ করে দিয়েছিল।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কেআইবির সভাপতি কৃষিবিদ এ এম সালেহ এবং স্বাগত বক্তব্য রাখেন কেআইবির মহাসচিব কৃষিবিদ মো. খায়রুল আলম (প্রিন্স)।
খায়রুল আলম প্রিন্স তার বক্তব্যে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে খাদ্য ঘাটতির দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। দেশের আপামর কৃষক সমাজ ডিজিটাল বাংলাদেশের সুফল পাচ্ছে।’
প্রিন্স তার বক্তব্যে ১৩ ফেব্রুয়ারিকে জাতীয় কৃষি দিবস ঘোষণার দাবি জানান। এছাড়া চিনি শিল্প টিকিয়ে রাখার জন্য প্রয়োজনীয় আরও পদক্ষেপ আশা করে। এছাড়া কৃষিবিদদের জন্য পৃথক ক্যাডারপদের দাবি করেন।
মন্ত্রী, সংসদ সদস্য, সচিব, কৃষিবিদ, বিজ্ঞানীসহ মোট সাত হাজার অতিথি কনভেনশনে উপস্থিত ছিলেন। এ কনভেনশনে ৪টি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














