ড. কামাল বিএনপিকে জামায়াত ছাড়তে বললেন

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০১-১২ ১৭:৩৪:৩২


জাতীয় ঐক্যফ্রন্ট নেতা  ড. কামাল হোসেন বলেন জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনীতি করতে গণফোরামের জন্ম হয়নি, এমন  মন্তব্য করে বিএনপিকে কার্যত জামায়াত ছাড়ার শর্ত বেঁধে দিলেন তিনি।

এছাড়াও বলেছেন, জামায়াত নেতারা বিএনপির প্রতীক নিয়ে নির্বাচন করবে জানলে তিনি ঐক্যফ্রন্টেই যেতেন না।

শনিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের প্রধান নেতা বলেন, ‘জামায়াতের সঙ্গে রাজনীতি করবে না ঐক্যফ্রন্ট। জামায়াতকে বাদ দিয়ে বিএনপির সাথে ঐক্যফ্রন্ট আরো শক্তিশালী হয়ে চলমান থাকবে।’

গত ১৩ অক্টোবর সরকারবিরোধী জাতীয় ঐক্য গড়ার চেষ্টার অংশ হিসেবে বিএনপি গঠন করে জাতীয় ঐক্যফ্রন্ট। নিজেরা সবচেয়ে বড় দল হলেও গণফোরাম নেতা কামাল হোসেনই এই জোটের প্রধান নেতা হিসেবে আবির্ভুত হয়েছেন।

কামাল হোসেন এই জোট গড়ার আগেই সংবাদ সম্মেলন করে জানান, জামায়াত জোটবদ্ধ থাকলে বিএনপির সঙ্গে তাদের কোনো ঐক্য থাকবে না। কিন্তু এই ঘোষণা ভুলে ঐক্য গড়ার পর কামাল হোসেন এবং তার অনুসারীরা বলতে থাকেন, জামায়াত বিএনপির সঙ্গে ২০ দলে জোটবদ্ধ। আর তারা জোট করেছেন বিএনপির সঙ্গে। কাজেই তারা জামায়াতের সঙ্গে জোট করেননি।

তবে ৩০ ডিসেম্বরের ভোটে বিএনপি জামায়াতের ২১ জন প্রার্থীকে ধানের শীষ প্রতীক নিয়ে বিব্রতকর অবস্থায় ফেলে কামাল হোসেন এবং ঐক্যফ্রন্টে তাদের অন্য শরিকদের। কারণ, নিবন্ধন হারানো পাকিস্তানের দোসর দলটির নেতারাও ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ভোট চাইতে থাকেন। আর কামাল হোসেনের নিজের প্রার্থীরাও একই প্রতীকে ভোট করে। কামাল হোসেন ধানের শীষে ভোট দেওয়ার যে আহ্বান জানায়, জামায়াতও তার বাইরে ছিল না।

ড. কামাল বলেন, ‘জামায়াত নির্বাচন করবে এই বিষয়টা জানতাম না। জানলে এই ঐক্যফ্রন্ট করতাম না।’