বঙ্গবন্ধু শিল্পনগরে বিনিয়োগ করবে সিঙ্গাপুর-ভারতের দুই কোম্পানি
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০১-২১ ১৮:৫০:৩২
ভারতের বিখ্যাত আদানী গ্রুপ এবং সিঙ্গাপুরের উইলমার গ্রুপ দুটি বাংলাদেমে যৌথভাবে বিনিয়োগ করতে চায়। গ্রুপ দুটি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ১০০ একর জমিতে শিল্প স্থাপন করতে চায়। এই জন্য আজ সোমবার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কার্যালয়ে জমি ইজারা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিঙ্গাপুর সফরের সময় বিনিয়োগের জন্য মৌখিক প্রস্তাব দেয় উইলমার। পরবর্তীতে বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর পরিদর্শন শেষে ১০০ একর জমির প্রস্তাব দেয় তারা। বছরভিত্তিক ভাড়ার বিনিময়ে এ চুক্তি স্বাক্ষরিত হচ্ছে।
কোম্পানি সূত্রে জানা যায়, ছয় মাসের মধ্যে উন্নয়ন কাজ শেষ করে আগামী তিন বছরের মধ্যে উৎপাদনে যাওয়ার পরিকল্পনা করছে তারা। এ শিল্প এলাকায় ১১টি কারখানা স্থাপন করা হবে। মূলত খাদ্য ও কৃষিজাত পণ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে তারা প্রায় ৪০ কোটি ডলার বা ৩৩৫০ কোটি টাকা বিনিয়োগ করতে আগ্রহী যৌথ কোম্পানিটি।
এ শিল্প পার্কটি স্থাপিত হলে প্রায় ৩ হাজার ৫০০ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আমদানী বিকল্প তৈরীর পাশাপাশি রপ্তানী পণ্য তৈরীর পরিকল্পনা রয়েছে তাদের। তারা নিজস্ব অর্থায়নে অত্যাধুনিক প্রযুক্তির বর্জ্য শোধনাগার এবং অন্যান্য স্থাপনা যেমন লজিস্টিক ইয়ার্ড ও ওয়্যার হাউস গড়ে তুলবে। বর্তমানে উইলমার ও আদানীর যৌথ বিনিয়োগে বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড ভোজ্যতেল শোধন ও বিপনন করছে।
সভাপতির বক্তব্যে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, আদানী ও উইলমারের প্রস্তাব বাস্তবায়িত হলে উন্নতমানের খাদ্য প্রক্রিয়াজাত শিল্পের পণ্য তৈরী হবে। এতে দেশের ভোক্তারাও উপকৃত হবেন।
তিনি বলেন, ইতোমধ্যে মীরসরাইতে তিনটি প্রতিষ্ঠানের শিল্প নির্মাণের জন্য ভিত্তি প্রস্তর স্থাপিত হয়েছে, এবং এর মধ্যে চীনা একটি প্রতিষ্ঠানও রয়েছে। তিনি বলেন, দেশী-বিদেশী উদ্যোক্তাদের কাছ থেকে অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের জন্য ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। বেজার আওতায় একটি ভূমি ব্যাংক স্থাপন করা হয়েছে যেখান থেকে বিনিয়োগকারীরা সহজে তাদের পছন্দ অনুযায়ী ইজেড স্থাপনের জন্য জমি নিতে পারছেন বলে তিনি জানান।
তিনি উল্লেখ করেন, বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারী অর্থনৈতিক অঞ্চল সমূহে ইউনিট ইনভেস্টরদের জন্য পানি, গ্যাস এবং বিদ্যুৎসহ সকল ইউটিলিটি সুবিধা সমূহ প্রদানে বিভিন্ন সরকারী সংস্থার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।
তিনি আরও বলেন, অন্যান্য বেসরকারী অঞ্চলে দেশী-বিদেশী বিনিয়োগকারীরা শিল্প স্থাপণ করেছে এবং এসব পণ্য দেশে এবং বিদেশের বাজারে রপ্তানী হচ্ছে। অনুষ্ঠানে আদানী এবং উইলমার যৌথ কোম্পানীর পক্ষে ইনাম আহমেদ এবং বেজার পক্ষে নির্বাহী সদস্য মোহাম্মদ আইয়ুব জমি ইজারা চুক্তি স্বাক্ষর করেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














