মুন্সিগঞ্জের গজারিয়ায় ৫০ হাজার লোকের চাকুরি দিবে স্ট্যান্ডার্ড গ্রুপ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-২৭ ২২:৪৫:২৭
ঢাকার পাশ্ববর্তী জেলা মুন্সিগঞ্জের গজারিয়ায় ৫০ হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে দেশের অন্যতম শিল্পগ্র্রুপ স্ট্যান্ডার্ড। জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন এলাকায় বালুয়া নদীর তীরে বড় বালুয়াকান্দি এ ব্যবস্থা করা হবে। এই জন্য সেখানে প্রায় ১০৮ একর জমির উপর প্রতিষ্ঠিত করা হবে একটি অর্থনৈতিক অঞ্চল।
আজ এই জন্য বেজার সঙ্গে একটি চুক্তি সই করেছে গ্রুপটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী এবং স্ট্যান্ডার্ড গ্লোবাল ইকোনমিক জোন লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আতিকুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে জানানো হয়, ২০১৯ সালের মাঝামাঝি সময়ে জোনের উন্নয়ন কাজ শুরু করবে গ্রুপটি। জোনের উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং শিল্প স্থাপনে ৭৬০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে গ্রুপটি। এই অর্থনৈতিক অঞ্চলে প্রায় ৫০ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা যাচ্ছে।
প্রসঙ্গত, পোশাকশিল্প এবং নির্মাণ শিল্পে স্ট্যান্ডার্ড গ্রুপ লিমিটেড দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপুর্ণ ভূমিকা রেখে চলেছে। গার্মেন্টস নিট কম্পোজিট, ডেনিম, লৌহজাত ভারী শিল্প, পাট শিল্প, খাদ্যদ্রব্য প্রক্রিয়াজাত শিল্প, আইসিটি, জাহাজ নির্মাণ শিল্প, ওয়াশিং প্ল্যান্ট, টেক্সটাইল, প্যাকেজিং এন্ড কার্টন, এলপিজি, সিরামিক, কৃষিভিত্তিক বহুমুখী শিল্প, অটোমোবাইল, ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্সসহ এই অর্থনৈতিক অঞ্চলে বিভিন্ন শিল্প স্থাপনের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি টেকসই ও পরিবেশ বান্ধব শিল্প গড়ে তুলতে বদ্ধ পরিকর।
অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী স্ট্যান্ডার্ড গ্রুপ লিমিটেডকে অভিনন্দন জানিয়ে বলেন, দেশী-বিদেশী উদ্যোক্তাদের কাছ থেকে অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের জন্য ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। তিনি বলেন, বেজার আওতায় একটি ভূমি ব্যাংক স্থাপন করা হয়েছে। যেখান থেকে বিনিয়োগকারীরা সহজে তাদের পছন্দ অনুযায়ী ইজেড স্থাপনের জন্য জমি নিতে পারছেন। তিনি বলেন, বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারী অর্থনৈতিক অঞ্চল সমূহে ইউনিট ইনভেস্টরদের জন্য পানি, গ্যাস এবং বিদ্যুৎসহ সকল ইউটিলিটি সুবিধা সমূহ প্রদানে বিভিন্ন সরকারী সংস্থার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।
তিনি আরও বলেন, অন্যান্য বেসরকারী অঞ্চলে দেশী-বিদেশী বিনিয়োগকারীরা শিল্প স্থাপণ করেছে এবং এসব পণ্য দেশে এবং বিদেশের বাজারে রপ্তানী হচ্ছে। বিশ্বখ্যাত প্রতিষ্ঠান হোন্ডা ইতোমধ্যে আব্দুল মোনেম অর্থনৈতিক অঞ্চলে মোটর বাইক উৎপাদন শুরু করেছে।
স্ট্যান্ডার্ড গ্লোবাল ইকোনমিক জোন লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আতিকুর রহমান বলেন, আমাদেরকে একটি অর্থনৈতিক অঞ্চল করার জন্য জায়গা দেয়ায় সরকার এবং বেজাকে ধন্যবাদ জানাই। একই সঙ্গে বলতে চাই চূড়ান্ত লাইসেন্স প্রাপ্তি সাপেক্ষে জোনের কর্মকান্ড দ্রুত শুরু করবো।
স্ট্যান্ডার্ড গ্রুপ লিমিটেডের মালিকানাধীন স্ট্যান্ডার্ড গ্লোবাল ইকোনমিক জোন লিমিটেডের প্রি-কোয়ালিফিকেশন লাইসেন্স প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেছে সংস্থাটির উর্ধ্বতন কর্তৃপক্ষ। আজ বেজা কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে স্ট্যান্ডার্ড গ্রুপকে এ লাইসেন্স দেয়া হয়েচে। প্রাক-যোগ্যতা পত্র পাওয়ার পর সম্ভাব্যতা যাচাই ও অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে চূড়ান্ত লাইসেন্স প্রদান করা হবে।
বেজা সূত্রে জানা গেছে,ইতোমধ্যে ১৯টি বেসরকারী অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য প্রি-কোয়ালিফিকেশন লাইসেন্স দেয়া হয়েছে। এর মধ্যে সাতটি বেসরকারী অর্থনৈতিক অঞ্চলকে চূড়ান্ত লাইসেন্স পেয়েছে। এই অর্থনৈতিক অঞ্চলগুলোতে ইতোমধ্যে ১৭ টি শিল্প স্থাপন হয়েছে। এবং আরও ১৭টি শিল্প স্থাপনের কাজ চলমান রয়েছে। বেসরকারী অর্থনৈতিক অঞ্চলসমুহে মোট ২ হাজার ৩২৬ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হয়েছে। এবং ২০ হাজার ২৭৬ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
সূত্রে আরও জানা গেছে, বেজার মুখ্য উদ্দেশ্য হলো দেশের অনগ্রসর অথচ সম্ভাবনাময় অঞ্চলে দ্রুত অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করা। এই এলাকাগুলোতে শিল্প বিকাশ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি ও পণ্যের বহুমুখীকরণ করা হবে। এর মাধ্যমে ২০৩০ সাল নাগাদ সমগ্র দেশে ৭৫ হাজার একর জমিতে ১০০ টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হবে। এর মাধ্যমে এক কোটি লোকের কর্মসংস্থান করা হবে। এর মাধ্যমে ৪০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যমানের অতিরিক্ত রপ্তানি বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সান বিডি/গিয়াস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














