বেঙ্গলের ২১০ টাকার জগ ২৩০ টাকা, ১০ শতাংশ ছাড়!
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০১-২৮ ১০:৫৮:২৩
বেঙ্গল প্লাস্টিকের ২১০ টাকার জগ ২৩০ টাকা, ১০ শতাংশ ছাড়! এরকম অভিনব কায়দায় মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতার সঙ্গে প্রতারণা করছে বেঙ্গল প্লাস্টিক বাণিজ্য মেলায়।
এ অপরাধে বেঙ্গল প্লাস্টিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
মেলার ২০তম দিন রোববার অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আফরোজা রহমান।
আব্দুল জব্বার মণ্ডল বলেন, মেলায় বেঙ্গল প্লাস্টিকের স্টলে অভিযান চালিয়ে দেখা যায়, প্লাস্টিকের জগের গায়ে নিচের স্টিকারে খুচরা মূল্য (এমআপি) ২১০ টাকার, এর ওপর ২৩০ টাকার নতুন স্টিকার লাগিয়ে ১০ শতাংশ ছাড় দিচ্ছে। এটি ছাড়ের নামে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতা সাধারণের সঙ্গে প্রতারণা। এ অপরাধে বেঙ্গল প্লাস্টিককে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ রকম অনৈতিক কর্ম থেকে বিরত থাকবে মর্মে অঙ্গীকারনামা নেয়া হয়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














