পূর্বাচলে নয় বাণিজ্যমেলা আগারগাঁওয়েই হবে: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০১-২৮ ১১:১৪:১৫


পূর্বাচলে নয় বাণিজ্যমেলা আগারগাঁওয়েই হবে বলে জানিয়েছেন নতুন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আগের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সংসদে বলেছিলেন, ‘পূর্বাচলে বাণিজ্য মেলার অবকাঠামো নির্মাণের কাজ চলছে। ২০১৯ সাল থেকেই সেখানে আন্তর্জাতিক বাণিজ্য মেলা হবে।কিন্তু এবারও বাণিজ্য মেলা আগারগাঁওয়েই শুরু হয়েছে।

তবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, এখন আর ‘পূর্বাচলে মেলা হচ্ছে না’ রাজধানীর আগারগাঁওয়েই প্রতি বছর বাণিজ্যমেলা হবে। রোববার (২৭ জানুয়ারি) সকালে বাণিজ্যমেলা প্রাঙ্গণে সারিকা ফ্যান্টাসি পার্কে প্রতিবন্ধীদের বিনামূল্যে রাইড সেবার উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

‘পূর্বাচলে বাণিজ্য মেলার বিষয়ে নতুন বাণিজ্যমন্ত্রী বলেন, ‘পূর্বাচলে মেলা হবে, তবে তা বিশেষ বিশেষ ক্ষেত্রে। শহরের বাইরে তো ওটা, যার কারণে ওখানে যথেষ্ট পরিমাণ জায়গা রেডি হয় নাই, অতো জায়গাও নাই। নতুন যে জায়গাটা হবে সেখানে সারা বছর ধরে রফতানিমুখী পণ্য প্রদর্শনের মেলা হবে। তবে বাণিজ্য মেলা আপাতত আগারগাঁওয়েই অনুষ্ঠিত হবে।’

চলতি বছরের শেষ বা আগামী বছরের শুরুর দিকে পূর্বাচলে আন্তর্জাতিক মানের রফতানিমুখী পণ্যের প্রদর্শনী হতে পারে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।

প্রসঙ্গত, ২০১৫ সালে ঢাকার পূর্বাচলে ২০ একর জমির উপর আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্থায়ী প্রাঙ্গণ তৈরির একটি প্রকল্প অনুমোদন দিয়েছিল সরকার।