১ হাজার কোটি ডলারের বিনিয়োগ নিয়ে আসছে জাপান

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০১-২৮ ১৬:২৮:১২


সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে বাংলাদেশে বড় আকারে বিনিয়োগ নিয়ে আসছে জাপান। মোট এক হাজার কোটি ডলার সড়ক, মেট্রো রেলসহ ছয়টি প্রকল্পে বিনিয়োগে সম্মত হয়েছে দেশটি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮৪ হাজার কোটি টাকা। প্রকল্পগুলোর সম্ভাব্যতা যাচাইয়ে দেশটির কাজামা করপোরেশন, নিপ্পন, ওরিয়েন্টাল কনসালট্যান্ট গ্রুপসহ বেশ কয়েকটি কম্পানির প্রতিনিধি এখন বাংলাদেশে অবস্থান করছে।

সফররত প্রতিষ্ঠানের প্রতিনিধিদলের সদস্যরা রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গেও বৈঠক করছে।

দেশটির সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল আগামী মার্চে ‘জাপান-বাংলাদেশ জয়েন্ট প্লাটফর্ম’ সভায় অংশ নিতে ঢাকায় আসার কথা রয়েছে। যেখানে প্রকল্পগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। পিপিপি কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব কথা জানা গেছে। পিপিপি কার্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলকামা সিদ্দিকী বলেন, ‘জাপান বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। বাংলাদেশের বড় বড় অবকাঠামোতে দেশটির অবদান রয়েছে। পিপিপিতেও দেশটি অর্থায়ন করতে আগ্রহী। আগামী মার্চে যৌথ সভায় প্রকল্পগুলো নিয়ে আলোচনা হবে।’

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের দেওয়া তথ্য মতে, সরকারি পর্যায়ে মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল, কাঁচপুর, দাউদকান্দি সেতুসহ প্রায় ৪০টির মতো প্রকল্প এখন চলমান আছে জাপানের অর্থায়নে। এসব প্রকল্প বাস্তবায়নে জাপান ৭৭ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে। এ ছাড়া নারায়ণগঞ্জের আড়াইহাজারে আলাদা দুটি অর্থনৈতিক অঞ্চল করতে যাচ্ছে জাপান। আড়াইহাজারে এরই মধ্যে দেশটির জন্য এক হাজার একর জমি বরাদ্দ দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। সরকারি পর্যায়ে প্রকল্প বাস্তবায়ন, অর্থনৈতিক অঞ্চলের পর এবার পিপিপিতেও বড় আকারে বিনিয়োগ নিয়ে আসছে জাপান।