দেশের ২৯ প্রতিষ্ঠান প্যারিস পোশাক মেলায় অংশ নিচ্ছে

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-৩০ ১৪:৫৮:৪৯


আগামী ১১ থেকে ১৪ ফেব্রুয়ারি ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে জার্মানভিত্তিক ম্যাসে ফ্রাংকফুর্ট আয়োজিত পোশাক ও চামড়াজাত পণ্যের বৈশ্বিক প্রদর্শনী টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং ও লেদার ওয়ার্ল্ড । বাংলাদেশের ২৯ প্রতিষ্ঠান আন্তর্জাতিক এ প্রদর্শনীতে অংশ নিচ্ছে ।

বিশ্বের সবচেয়ে বড় মেলার আয়োজক প্রতিষ্ঠান ম্যাসে ফ্রাংকফুর্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। প্যারিসে অনুষ্ঠিত চার দিনের এই প্রদর্শনীতে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং সরাসরি এসব প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বিশ্বব্যাপী ফ্যাশন পণ্যের সবচেয়ে বড় প্রস্তুতকারক দেশ বাংলাদেশ, চীন, কম্বোডিয়া, কোরিয়া, ভারত, ইন্দোনেশিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, তুরস্ক এবং পাকিস্তানের প্রতিষ্ঠানগুলো এই মেলায় অংশ নিচ্ছে।

একই সময়ে দ্বিতীয়বারের মতো চামড়াজাত পণ্যের প্রদর্শনী ‘লেদার ওয়ার্ল্ড প্যারিস’ও অনুষ্ঠিত হবে বলে জানায় আয়োজক প্রতিষ্ঠান। প্রদর্শনীতে ট্যানারি, পরিধানযোগ্য চামড়াজাত পণ্য ছাড়াও চামড়ার পোশাক, ব্যাগ, জুতা এবং ফ্যাশন পণ্যও থাকছে।

জানা যায়, ২০১৮-এর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্রদর্শনীতে ১১০টি দেশ থেকে সর্বমোট এক হাজার ৯৩ জন প্রদর্শক এবং ১৩ হাজার ৫৭৯ জন দর্শক আসে। এ ছাড়া প্রচুর দর্শক আসে যুক্তরাজ্য, ফ্রান্স, তুরস্ক, স্পেন, ইতালি, জার্মানি এবং ইউরোপের নানা দেশ থেকে।

এবারের প্রদর্শনীতে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করছে অ্যাপারেল ১৭টি, ফ্যাব্রিকস ছয়টি এবং ডেনিমের ছয়টি প্রতিষ্ঠান। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছ আকিজ টেক্সটাইল, এক্সপেরিয়েন্স টেক্সটাইল, মমটেক্স এক্সপো, সিলভার কম্পোজিট, যাবের অ্যান্ড যুবায়ের ফ্যাব্রিকস, এরন ডেনিম, আরগন ডেনিম, চিটাগাং ডেনিম মিলস, এভিন্স টেক্সটাইল, এনযে টেক্সটাইল, নাইস ডেনিম, অ্যাডাম অ্যাপারেলস, আমা সিনট্যাক্স, বঙ্গ গার্মেন্টস, ব্লু প্ল্যানেট নিটওয়্যার, ডেলফিটেক্স ইন্ডাস্ট্রি, রেদওয়ান টেক্স অ্যান্ড অ্যাপারেলস, ইউরো নিটওয়্যার, ফ্যাব্রিকা নিট কম্পোজিট, গ্রিন স্মার্ট শার্ট, হেলেনিক সোর্সিং হংকং, হেলেনিক গ্রুপ, মার্স স্টাইল অ্যান্ড ফ্যাশন, মনিরা নিট অ্যাপারেলস, প্যাসিফিক এক্সপোর্ট, পরুডেন্ট ইন্টারন্যাশনাল, সিমুরা নন ওভেন, সিমুরা গ্রুপ, সিলভার কম্পোজিট টেক্সটাইল মিলস, টিম সোর্সিং, টেক্সপিওন, টোডস প্রিন্টিং।