ইরি-বোরো চাষে ব্যস্ত রাণীনগরের কৃষকরা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-৩০ ১৬:৫৮:০০


দেশের প্রধান ফসল ইরি-বোরো মৌসুমের ধান রোপনের ধুম চলছে সারাদেশব্যাপী । অন্যান্য জায়গার মত নওগাঁর রাণীনগরের কৃষকরা ব্যস্ত সময় পার করছেন। কৃষকদের মধ্যে কেউ জমি তৈরি করছেন, কেউ আবার বীজতলা থেকে ধানের চারা তুলছেন। এখন দম ফেলার ফুরসত নেই তাদের।

এর আগে উপজেলার কৃষকরা আমন ধান ও সরিষা ঘরে তুলেছেন। এখন প্রধান ফসল ইরি-বোরো চাষে ব্যস্ত হয়ে পড়েছেন। উপজেলার আটটি ইউনিয়নের প্রতিটি মাঠেই এখন একই চিত্র।

উপজেলার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ, সারের কোন সংকট না থাকা ও আবহাওয়া অনুকূলে থাকায় ধান রোপনের জন্য জমি তৈরি করতে তেমন একটা বেগ পেতে হচ্ছে না তাদের। এছাড়া এবার শীতে বীজতলার তেমন কোন ক্ষতি না হওয়ায় ধানের চারার কোন সংকট নেই। সবকিছুই বর্তমানে কৃষকের হাতের নাগালে। তাই উপজেলার প্রতিটি মাঠে মাঠে চলছে শুধু ইরি-বোরো ধান রোপনের মহোৎসব। কাক ডাকা ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত মাঠের কাঁদা-জলে ভিজে ধানের চারা রোপনের কার্যক্রম চালাচ্ছে কৃষকরা। বর্তমানে উপজেলার মাঠগুলো এখন কৃষকদের পদভারে মুখরিত হয়ে উঠেছে।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি ইরি-বোরো মৌসুমে উপজেলার আটটি ইউনিয়নে প্রায় ১৯ হাজার হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। কারণ হিসেবে সূত্রটি বলছে, গত বছর বন্যা না হওয়ার কারণে অধিকাংশ খাল ও বিল শুকিয়ে গেছে যেগুলোতে কৃষকরা ধান রোপন করতে পারবেন। বর্তমানে উপজেলার ১২শতাংশ জমিতে ধান রোপন করা হয়েছে আর কয়েক দিনের মধ্যেই উপজেলার সবগুলো জমিতে ধান রোপন সম্পন্ন হয়ে যাবে। এবার কৃষকরা জিরাশাইল, ব্রিধান-২৯,৫৮,৬৩,৭৪ এবং কিছু স্থানীয় জাতের ধান রোপন করছেন।