পাটচাষীদের সোনালী স্বপ্নপূরণে পদক্ষেপ নিচ্ছে সরকার: পাটমন্ত্রী
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-৩১ ২০:১০:২৯
সোনালী আঁশ পাটের উৎপাদন ও বহুমুখী ব্যবহার উৎসাহিত এবং জনপ্রিয় করে চাষীদের সোনালী স্বপ্নপূরণে জোরদার পদক্ষেপ নিচ্ছে সরকার বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। এজন্যে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ বাস্তবায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পাটখাত সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মিজানুর রহমান, বিজেএমসির চেয়ারম্যান শাহ মো. নাসিম, পাট অধিদফতরের মহাপরিচালক মো. শাসছুল আলম, শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের প্রেসিডেন্ট রেজাউল করিম, বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনর প্রতিনিধি ।
পাটমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পাটশিল্পে প্রাণের সঞ্চার করেছে। পাট শিল্পের এ অগ্রযাত্রাকে ধরে রাখতে শেখ হাসিনার সরকার দেশের অভ্যন্তরে ১৯টি পণ্য যথা ধান, গম, চাল, ভুট্টা, চিনি এবং সার ইত্যাদি মোড়কীকরণের ক্ষেত্রে পাটজাত পণ্যের ব্যবহার বাধ্যতামূলক করেছে। কাঁচা পাট ও পাটজাত পণ্যের উৎপাদন, রফতানি, দেশের অভ্যন্তরে পাটপণ্যের ব্যবহার বৃদ্ধি, পাটের ন্যায্যমূল্য নির্ধারণ ও পরিবেশ রক্ষায় পণ্যের মোড়কীকরণে পাটের বাধ্যতামূলক ব্যবহার আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা হয়েছে।
তিনি বলেন, পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিতকরণের পাশাপাশি জনস্বাস্থ্য ও পরিবেশ বিরোধী প্লাস্টিক পলিথিন ব্যবহার বন্ধে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে সরকার। তবে, দেশের পাটখাতের উন্নয়নে সরকার ও বেসরকারি উদ্যোক্তাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের গৃহীত নীতিমালা ও পরিকল্পনাকে কাজে লাগিয়ে পাট ও বস্ত্রখাতের রফতানি বাজার সম্প্রসারণ, বৈদেশিক মুদ্রা অর্জন, পরিবেশ রক্ষা এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত করার ক্ষেত্রে এ মন্ত্রণালয় সফল হবে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














