গণভবনে প্রধানমন্ত্রীর চা-চক্রে রাজনীতিকরা

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০২-০২ ২০:৩৭:০২


প্রধানমন্ত্রী শেখ হাসিনার চা-চক্রে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আজ শনিবার বিকেল সাড়ে তিনটার পর গণভবনে এই চা চক্র শুরু হয়।

গণভবন সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সরকারি এ বাসভবনের সবুজ লনে চা-চক্র অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী উপস্থিত নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

জানা গেছে, জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ ও দলটির কো-চেয়ারম্যান গোলাম মুহম্মদ কাদের চা-চক্রে অংশ নিতে গণভবনে এসেছেন। যুক্তফ্রন্ট ও বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে ২৩ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর আমন্ত্রণে যোগ দিয়েছেন চা-চক্রে।

এ ছাড়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শীর্ষ নেতারাও চা-চক্রে আছেন।

তবে গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ কোনো নেতা প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চা-চক্রে অংশ নেননি বলে জানা গেছে।