আবারও চালু করা হবে বন্ধ পাটকলগুলো: পাটমন্ত্রী
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-০৪ ২০:৫৩:৫১
আবারও বন্ধ পাটকলগুলো চালু করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। তিনি আরও জানান, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে ২০০৯ তেকে ২০১৮ সাল পর্যন্ত ৫টি বন্ধ পাটকল চালু করা হয়েছে। এগুলো হলো, পিপলস জুট মিলস লিমিটেড, কওমী জুট মিলস লিমিটেড, দৌলতপুর জুট মিলস লিমিটেড, কর্ণফুলী জুট মিলস লিমিটেড এবং ফোরাত কর্ণফুলী কার্পেট ফ্যাক্টরি।
দিদারুল আলমের এক লিখিত প্রশ্নের জবাবে সোমবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তোর পর্বে এসব কথা জানান তিনি।
গোলাম দস্তগীর গাজী বলেন, মিলগুলোর উৎপাদন বাড়ানোর জন্য শ্রমিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। খুলনা, চট্টগ্রাম এবং ঢাকায় প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে। এছাড়া পাটজাত পণ্যের ব্যবহার বাধ্যতামূলক করতে ২০১০ সালে একটি আইন করা হয়, যার ফলে পাটের তৈরি মোড়কের ব্যবহার বেড়েছে।
তিনি জানান, সরকারের সহযোগিতায় পাটকল বিএমআরই বা আধুনিকায়ন; স্পেশালাইজড জুট টেক্সটাইল মিল স্থাপন, বহুমুখী পাটপণ্য উৎপাদনে মোট ৬টি প্রকল্প চলছে। সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) কর্তৃপক্ষের মাধ্যমে দু’টি প্রকল্পের কার্যক্রম চলছে। এছাড়া বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) নিজস্ব অর্থায়নে ১০টি প্রকল্প নেওয়া হয়েছে।
আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পোশাক শিল্পের চাহিদা পূরণ এবং জবাবদিহিতা নিশ্চিত করতে পোশাকশিল্পকে বস্ত্রশিল্পের আওতায় রেখেই বস্ত্র আইন-২০১৮ করা হয়েছে। নিবন্ধন ছাড়া কোনো কারখানা চলতে পারবে না। এই আইনের ফলে পরিদফতরের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা চাইলে কারখানা পরিদর্শন করতে পারবেন। শ্রমিকদের দক্ষ করে গড়ে তুলতে টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, টেক্সটাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ, টেক্সটাইল ইনস্টিটিউট, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করা হচ্ছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














