জাতীয় অর্থনীতির দ্বিতীয় গুরুত্বপূর্ণ খাত চামড়া শিল্প
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০২-০৭ ১৮:১২:৫৫
জাতীয় অর্থনীতিতে তৈরি পোশাকের পর চামড়া শিল্প দ্বিতীয় গুরুত্বপূর্ণ খাত বলে মন্তব্য করেছেন, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, এ শিল্পের পরিবেশ সুরক্ষা, শিল্প সংশ্লিষ্টদের পেশাগত নিরাপত্তা এবং সামাজিক কমপ্লায়েন্স জোরদারে বর্তমান সরকার কাজ করছে। এর অংশ হিসেবে সাভারে অত্যাধুনিক চামড়া শিল্পনগরি গড়ে তোলা হয়েছে।
লেদার গুডস্ অ্যান্ড ফুট ওয়্যার্স ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর এক প্রতিনিধিদল আজ শিল্পমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ে এ সাক্ষাতকার অনুষ্ঠিত হয়।
সাক্ষাতকালে প্রতিনিধিদলের সদস্যরা জাতীয় অর্থনীতিতে চামড়া ও চামড়াজাত পণ্যের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, চামড়াজাত পণ্যে মূল্য সংযোজন ঘটিয়ে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। ২০২১ সাল নাগাদ ৬০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে চামড়া শিল্পখাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এখাত থেকে ৫ বিলিয়ন মার্কিন ডলার আয়ের সুযোগ আছে বলে তারা মন্তব্য করেন। তারা ব্যক্তিগত উদ্যোগে বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপনের প্রস্তাব করলে মন্ত্রী এ বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেন। একই সাথে তারা চামড়া শিল্পের উন্নয়নে সংগঠনের উদ্যোগে প্রণীত রোডম্যাপ বাস্তবায়নে সরকারের সহযোগিতা কামনা করেন।
শিল্পমন্ত্রী বলেন, সরকারের ইশতেহার বাস্তবায়নে শিল্প মন্ত্রণালয় খাতভিত্তিক উৎপাদনশীলতা বৃদ্ধি ও মূল্য সংযোজনের উদ্যোগ নেবে। এ লক্ষ্যে চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে। পাশাপাশি শিল্পায়নের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ জোরদার করা হবে। ইশতেহারে ঘোষিত শিল্পখাতের লক্ষ অর্জনে তিনি খাতভিত্তিক সংগঠনগুলোর সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করা হবে বলে তিনি জানান।
এ সময় লেদার গুডস্ অ্যান্ড ফুট ওয়্যার্স ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট মোঃ সাইফুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট মোঃ নাজমুল হাসান সোহাইল, পরিচালক জিয়াউর রহমান, নির্বাহী পরিচালক কাজী রওশন আরা উপস্থিত ছিলেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














