যুক্তরাষ্ট্র জ্বালানি খাতে বিনিয়োগ বৃদ্ধি করতে চায়

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০২-১০ ১৬:০৭:৩৯


বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগ বৃদ্ধির করতে চায় যুক্তরাষ্ট্র। এ জন্য তারা  প্রস্তাব দিয়েছে বলে  জানিয়েছেন, প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ।

রবিবার (১০ ফেব্রুয়ারি) বিদ্যুৎ ভবনে এক বৈঠক হয়। বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থমাস ভাজদা, মার্কিন রাষ্ট্রদূত ইরাল মিলারসহ আট সদস্যের সঙ্গে বৈঠকের পর প্রতিমন্ত্রী একথা জানান।

প্রতিমন্ত্রী বলেন,  যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাংলাদেশে কীভাবে আরও বাড়ানো যায় সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেছে। তারা শেখ হাসিনার নেতৃতের প্রতি আস্থাশীল।  আগামীতে কীভাবে আরও ঘনিষ্ঠভাবে দু’দেশ কাজ করতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে।

এ সময় মিলার বলেন, ‘অর্থনৈতিক সমৃদ্ধির সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকা জরুরি।  বাংলাদেশ শ্রম নিরাপত্তায় উল্লেখযোগ্য কাজ করেছে। আমরা মনে করছি বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে আরও বিনিয়োগ করতে পারি।’

থমাস বলেন, ‘দক্ষিণ এশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ ভৌগলিক অবস্থানে থাকার কারনে যুক্তরাষ্ট্র বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে সম্ভাব্য দেশ হিসেবে বিবেচনা করছে। বাংলাদেশে যুক্তরাষ্ট্র নতুন বিনিয়োগ করতে চায়।’