বিদ্যুৎ ও অর্থনৈতিক অঞ্চলে ঋণ দিতে আগ্রহী জাইকা: পরিকল্পনামন্ত্রী

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০২-১১ ১৮:২৬:০৩


বিভিন্ন বিদ্যুৎখাত ও অর্থনৈতিক অঞ্চলে আরো ঋণ দিতে আগ্রহ প্রকাশ করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) বলে জানিয়েছেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, আমরা যত ঋণ নেবো জাইকা তত দেবে, জাইকা আমাদের ঋণ দিতে সবসময় ইতিবাচক থাকে।

আজ সোমবার ১১ ফেব্রুয়ারী  বিকেলে জাইকার প্রতিনিধি হিতোশি হিরাতার নেতৃত্বে তিন সদস্যের এক প্রতিনিধি দল পরিকল্পনামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। পরে সাংবাদিকদের একথা জানান মন্ত্রী।

এ সময় পরিকল্পনামন্ত্রী বলেন, জাইকার কাছে রেল ও সড়কে ঋণ চাইলে তারা  কোনো আগ্রহ দেখায়নি।  তবে তাদের আগ্রহ বিদ্যুৎ ও অর্থনৈতিক অঞ্চলে। জাইকা আমাদের ভালো বন্ধু। দেশের উন্নয়নে জাইকা সব সময় আমাদের পাশে থাকবে।

তিনি জানান, আড়াইহাজারের কাছে একটা এক্সপোর্ট জোনের কাজ চলছে। এটার কাজ শিগগিরই শেষ করতে পারবে বলে তারা আশা করছে। এর মধ্যে তারা বিনিয়োগ আশা করেছে। পিপিপির আওতায় এটা তারা ডেভেলপ করে দিচ্ছে। ডেভেলপ করে দিলে তাদের আশা, আমাদেরও আশা জাপানিজ বিনিয়োগকারীরা আসবে।

তিনি আরো  জানান, আরো ৩ বছর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হবে । ২০২২ সালের মধ্যে এ অংশের কাজ শেষ করতে পারবে বলে আশা করছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।

মন্ত্রী বলেন, হলি আর্টিজানে জঙ্গি হামলার কারণে কিছুটা বাধাগ্রস্ত হওয়ায় প্রকল্প বাস্তবায়ন পিছিয়েছে। তবে এখন কোনো সমস্যা নেই, সরকারের নিরাপত্তার কারণে তারা (জাইকা) সন্তুষ্ট হয়েছে বলে জানান তিনি।