নদী দখলমুক্ত করতে সরকারের ১০ বছর মেয়াদি ‘মাস্টারপ্ল্যান’
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-১৪ ১৫:২৮:৪৬
ঢাকার আশেপাশের নদীগুলো বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষা ও চট্টগ্রামের কর্ণফুলী নদীর ওপর গড়ে উঠেছে বহু অবৈধ স্থাপনা। এসব উচ্ছেদ করে দখলমুক্ত ও নাব্য ফিরিয়ে আনতে ১০ বছর মেয়াদি মাস্টারপ্ল্যান প্রণয়ন করছে সরকার বলে জানিয়েছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম । পরিকল্পনা স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার ১৪ ফেব্রুয়ারী সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে চট্টগ্রামের কর্ণফুলী নদীসহ ঢাকার চারপাশের নদীগুলোর দূষণরোধ এবং নাব্য বৃদ্ধির জন্য মাষ্টারপ্ল্যান তৈরি সংক্রান্ত কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন,র্দীঘদিন নদী গুলোর অব্যবস্থাপনার ফলে নাব্য হারিয়ে ফেলেছে। আমরা এসব নদীর নাব্য ফিরিয়ে আনতে নদীর তীরে যেসব অবৈধ স্থাপনা গড়ে উঠেছে সেগুলো উচ্ছেদ করতে চাই।
এ মাস্টার প্ল্যান বাস্তবায়নে কত টাকা খরচ হবে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন বাজেটের বিষয়টি আমরা এখনো ঠিক করিনি। আগে বাস্তবায়ন করব তারপর বাজেটে নজর দেবো।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী মিটিংয়ে আমরা মাস্টারপ্ল্যান চূড়ান্ত করব। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ১৪ ই মার্চ এ সংক্রান্ত আরো একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














