হঠাৎ গরম রাজধানীর কাঁচা বাজার

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-১৫ ১২:৪৬:২৮


রাজধানীর কাঁচা বাজারগুলোতে হঠাৎ করেইমুরগী, মাছ,  পেঁয়াজসহ অন্যান্য প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। সব ধরনের মাছের দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে প্রায় ৩০ টাকার বেশি। কেজিতে পাঁচ টাকা করে বেড়েছে মুরগি ও পেঁয়াজের দাম।এছাড়া বিভিন্ন ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে ৫-১০ টাকা।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজার, রামপুরা, মালিবাগ হাজীপাড়া, খিলগাঁও বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।

ব্রয়লার মুরগির  ১৫০-১৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে রামপুরা ও খিলগাঁও অঞ্চলের বাজারে । গত সপ্তাহে বিক্রি হযয়েছিল ১৪০-১৪৫ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে পাঁচ টাকা। এ নিয়ে টানা তিন সপ্তাহে ব্রয়লার মুরগির দাম কেজিতে বাড়ল প্রায় ২৫ টাকা।

ব্রয়লার মুরগির দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে লাল লেয়ার ও পাকিস্তানি কক মুরগি। লাল লেয়ার মুরগি আগের সপ্তাহের মতোই বিক্রি হচ্ছে ১৯৫ থেকে ২০৫ টাকায়। আর পাকিস্তানি মুরগির বিক্রি হচ্ছে ২৬০-২৮০ টাকা কেজি দরে।

মাছের বাজারে পড়েছে ব্রয়লার মুরগির দাম বাড়ার প্রভাব। সপ্তাহের ব্যবধানে সব ধরনের মাছের দাম বেড়েছে। এখন ১৫০ টাকা কেজি দরের নিচে কোনো মাছ মিলছে না। সস্তা মাছ হিসেবে পরিচিত পাঙাশ বাজার ভেদে বিক্রি হচ্ছে ১৫০- ১৮০ টাকা কেজিতে। এক সপ্তাহ আগে বিভিন্ন বাজারে এ মাছ ১২০ টাকা কেজি বিক্রি হয়।

গত সপ্তাহে ২২০ টাকা কেজি বিক্রি হওয়া রুই ও মৃগেল মাছের দাম এক লাফে বেড়ে হয়েছে ২৬০-২৮০ টাকা। তবে বড় আকারের রুই মাছের দাম অপরিবর্তিত রয়েছে। বাজার ভেদে বড় রুই কেজি প্রতি বিক্রি হচ্ছে ৪৫০-৫৫০ টাকায়।

পাবদা মাছ বিক্রি হচ্ছে ৫০০-৭০০ টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল ৪৫০-৬০০ টাকা। তেলাপিয়া বিক্রি হচ্ছে ১৫০-১৮০ টাকা কেজি। সপ্তাহের ব্যবধানে এ মাছের দাম কেজিতে বেড়েছে ১০ টাকার মতো।

সপ্তাহের ব্যবধানে দাম অপরিবর্তিত থাকা মাছের মধ্যে টেংরার কেজি আগের সপ্তাহের মত বিক্রি হচ্ছে ৫০০-৬৫০ টাকায়। শিং মাছ বিক্রি হচ্ছে ৪০০-৬০০ টাকা কেজি। বোয়াল মাছ বিক্রি হচ্ছে ৫০০-৮০০ টাকা কেজি। চিতল মাছ বিক্রি হচ্ছে ৫০০-৮০০ টাকা কেজি।

মাছ-মাংসের দাম বাড়ার প্রভাবে বেশ কিছুদিন অপরিবর্তিত থাকা পেঁয়াজ-মরিচের দামও কিছুটা বেড়েছে। নতুন দেশি পেঁয়াজ বাজার ভেদে বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকা কেজি, যা এক সপ্তাহ আগে ছিল ২০-২৫ টাকা। আর কাঁচামরিচের পোয়া (২৫০ গ্রাম) বিক্রি হচ্ছে ১৫-২০ টাকায়। গত সপ্তাহে কিছু কিছু বাজারে বিক্রি হয় ১০ টাকায়।

পেঁয়াজের দাম বাড়ার বিষয়ে কারওয়ান বাজারের এক ব্যবসায়ী বলেন, এবার পেঁয়াজের দাম বাড়েনি বরং নতুন পেঁয়াজ ওঠার পর পেঁয়াজের দাম বেশ কম ছিল। কিন্তু নতুন পেঁয়াজ আস্তে আস্তে মজুদে চলে যাচ্ছে এ কারণে দাম বাড়তে শুরু করেছে। সামনে দাম আরও বাড়ার সম্ভবনা আছে।

এদিকে টমেটো, বেগুন, গাজর, মুলা, শালগম, শিম, নতুন আলু, ফুলকপি, বাঁধাকপি, লাল শাক, পালন শাকসহ সব রকম শাক-সবজিতে বাজার ভরপুর থাকলেও নতুন আলু ও টমেটো বাদে প্রায় সব ধরনের সবজির দাম সপ্তাহের ব্যবধানে বেড়েছে।

গত সপ্তাহে ১০-১৫ টাকা কেজির মধ্যে বিক্রি হওয়া বেগুন, শালগম, মুলা, পেঁপে ও বিচিবিহীন শিম এখন ২০ টাকার নিচে মিলছে না। আর বিচিসহ শিম বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা, যা গত সপ্তাহে ছিল ২০-৩০ টাকা। গত সপ্তাহে ১০-২০ পিস বিক্রি হাওয়া ফুলকপির দাম বেড়ে হয়েছে ১৫-৩০ টাকা।

বাজারে নতুন আসা কচুর লতি বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা কেজি। একই দামে বিক্রি হচ্ছে চিচিঙ্গা ও করলা। লাউ বিক্রি হচ্ছে ৫০-৭০ টাকা পিস। আর ধুন্দুলের কেজি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা।

তবে কিছুটা কম দামে পাওয়া যাচ্ছে শাক টমেটো ও নতুন আলু। আগের মতো পাকা টমেটোর কেজি বিক্রি হচ্ছে ১৫-৩০ টাকা। আর নতুন আলু ১৫-২০ টাকা কেজি বিক্রি হচ্ছে।