সমুদ্র থেকে সাড়ে ৬ লাখ মেট্রিক টন মাছ আহরণ
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০২-১৯ ১৪:৪৯:২২
২০১৭-১৮ অর্থবছরে সাড়ে ৬ লাখ মেট্রিক টন মাছ এসেছে সমুদ্র থেকে, যেখানে দেশে উৎপাদিত মোট মাছের সংখ্যা ৪৩ লাখ ৩৪ হাজার।যা মোট মৎস্য উৎপাদনের ১৬ শতাংশ। বিশ্বের বৃহত্তম বঙ্গোপসাগরে ৪৭৫ প্রজাতির বিভিন্ন মাছসহ ৩৬ প্রজাতির চিংড়ি মাছ এবং বিভিন্ন প্রকার অর্থনৈতিক ও জৈবগুরুত্বপূর্ণ সম্পদ রয়েছে।
মঙ্গলবার ১৯ ফেব্রুয়ারী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেন, ব্লু-ইকোনমির বাস্তবায়নে বাংলাদেশ ইতোমধ্যেই পাইলট-কান্ট্রি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে ‘প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় ভারত ও মিয়ানমারের ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার এলাকা বাংলাদেশের সমুদ্রসীমায় যুক্ত হয়েছে। এর ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ুর ক্ষতিকর প্রভাব থেকে উত্তরণ এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের ক্ষেত্রে সামুদ্রিক সম্পদের গুরুত্ব ও অপার সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। উপকূলীয় অঞ্চলের ৫ লক্ষাধিক জেলে প্রায় ৭০ হাজার যান্ত্রিক ও অযান্ত্রিক নৌযানের সহায়তায় জীবিকা নির্বাহের সঙ্গে সঙ্গে মৎস্য উৎপাদনে ব্যাপক ভূমিকা রাখছে।’
তিনি বলেন, ‘বিশ্বব্যাংকের সহায়তায় মন্ত্রণালয় কর্তৃক ২৪০ মিলিয়ন মান ডলারের উপকূলীয় ও সামুদ্রিক মৎস্যসম্পদের উন্নয়নে “সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট” শীর্ষক বৃহত্তম একটি প্রকল্প-গ্রহণ করা হয়েছে। উপকূলীয় ও বঙ্গোপসাগরের জলজসম্পদ ও সুযোগ কাজে লাগাতে মন্ত্রণালয় নানামুখী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। “ভি মীন সন্ধানী” নামক সমুদ্র গবেষণা ও জরিপ-জাহাজের মাধ্যমে সমুদ্রের চিংড়িসহ তলদেশীয় ও উপরিস্থ মাছের জরিপের কাজও চলছে।’
ভারত, থাইল্যান্ড, ফিলিপাইন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশে মেরিকালচার লাভজনক হওয়ায় দেশে মেরিকালচারের প্রজনন-প্রযুক্তির গবেষণার মাধ্যমে মৎস্য আহরণের সম্প্রসারণ ঘটানো জরুরি বলে মনে করেন আশরাফ আলী খান।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














