পাট পণ্যের ব্যবহার বাড়াতে ট্রেনিং সেন্টার করা হবে

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-১৯ ১৫:১১:৪৬


বিভিন্ন ক্ষেত্রে পাটের পণ্যের বহুবিধ ব্যবহার বাড়ানের জন্য জুট গুডস রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার করা হবে বলে জানিয়েছেন, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর পাট অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে এক আলোচনা সভায় একথা বলেন তিনি।

গোলাম দস্তগীর গাজী বলেন, পাটের উন্নয়নে বর্তমানে আইনের ব্যবহার ও সঠিকভাবে পাট পণ্য ব্যবহার করা হলে তা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বর্পূণ ভূমিকা রাখবে। এ জন্য পাট পণ্যকে চাহিদার শীর্ষে নিয়ে যেতে হবে।আর তাই সকলকে এক হয়ে পাটের সমস্যা বের করতে হবে এবং সমাধানের জন্য চেষ্টা করতে হবে। একই সঙ্গে পাটের বহুবিধ ব্যবহার বাড়ানোর জন্য একটি জুট গুডস রিসার্স এন্ড ট্রেনিং সেন্টার করা হবে। যেখানে পাটের বিভিন্ন সমস্যার সমাধান হবে এবং পাটের উন্নয়নে ক্যামিস্টরা কাজ করবেন।

তিনি আরও বলেন,বিশ্বের অন্যান্য দেশে পাটের ব্যবহার বাড়ানো হচ্ছে। সেদিক থেকে আমরা কেন পিঁছিয়ে থাকব।পাশ্ববর্তী দেশ ভারত আমাদের কাছ থেকে পাট কিনে তারা পাটের ব্যবহার বাড়াচ্ছে। তাদের রিসার্চ সেন্টার আছে। আমরা রিসার্চের জন্য বাইরের দেশের ওপর নির্ভরশীল থাকব না। অন্যদিকে, বর্তমানে পাট এক্সপোর্টে আমরা এগিয়ে আছি। তবে, পাটের মোড়ক ব্যবহার শতভাগ নিশ্চিত করতে আরও বেশি বেশি ভ্রাম্যমান আদালত তথা মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এজন্য সকল ডিসিদের কাছে বার্তা পৌঁছানোর কথা বলেন তিনি।

আলোচনাসভায় পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মিজানুর রহমান বলেন,বর্তমানে পাটের মণ আড়াই হাজার টাকা। সুতরাং পাটের দাম আগের থেকে বেড়েছে। পাটের আবার সুদিন ফিরে আসবে। পাট ও বস্ত্রখাতে কোনো দুর্নীতি চলবে না। কর্মকর্তদের ট্রেনিং কিংবা সার বিতরণে কোনো অনিয়ম চলবে না। প্রতিটি কাজ সঠিকভাবে করতে হবে। এবার আমাদের দ্বিগুণ পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা আছে। সেই কাজটি সঠিকভাবে করতে অধিদফতরকে কাজ করতে হবে। প্রতিযোগিতার মাধ্যমেই পাটখাতে এগিয়ে নিতে হবে।

আলোচনাসভায় পাট অধিদফতরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) মো শামছুল আলম, পরিচালক প্রশাসন ও অর্থ আবদুল জলিল, পরিচালক পাট তাহমিদা আহমেদ, সমন্বয় কর্মকর্তা মো সওগাতুল আলমসহ অনেকেই উপস্থিত ছিলেন।