৩৪ শতাংশ অগ্রগতি হয়েছে প্রাণিসম্পদখাতের প্রকল্প বাস্তবায়নে
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০২-২৫ ১৫:০১:৩০
চলতি অর্থবছরে প্রাণিসম্পদখাতের প্রকল্প বাস্তবায়নের জাতীয় অগ্রগতি ৩৪ দশমিক ৪৩ শতাংশ বলে জানিয়েছে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।২০১৮-১৯ অর্থবছরে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ৪৪টি প্রকল্পে বরাদ্দ আছে প্রায় ৯০০ কোটি টাকা। এর মধ্যে ২০১৮ সালের জুলাই থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত ৭ মাসে ব্যয় হয়েছে ২৮৪ কোটি ৪৭ লাখ টাকা।
সূত্র জানিয়েছে, চলতি অর্থবছরে মন্ত্রণালয়ের ৪৪টি প্রকল্পের মধ্যে মন্ত্রণালয়ের মৎস্য-উপখাতের ২১টি প্রকল্পের বরাদ্দ রয়েছে ৪৪০ কোটি ৭০ লাখ টাকা। অর্থ বছরে প্রথম ৭ মাসে এ উপখাতে ব্যয় হয়েছে ১৪২ কোটি টাকা। এসব প্রকল্পের মধ্যে মৎস্য অধিদফতরের ১৪টি প্রকল্পে ৩৪১ কোটি ২৮ লাখ, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ৫টি প্রকল্পে প্রায় সাড়ে ৩৪ কোটি এবং মৎস্য উন্নয়ন কর্পোরেশনের ২টি প্রকল্পে বরাদ্দ প্রায় ৬৫ কোটি টাকা। তবে বিগত অর্থবছরে মৎস্য-উপখাতের ২৬টি প্রকল্পে বরাদ্দকৃত ৪৮৬ কোটি ৬০ লাখ টাকার মধ্যে একই সময়ে ব্যয় হয়েছিল প্রায় সাড়ে ১২১ কোটি টাকা।
অপরদিকে, চলতি অর্থবছরে প্রাণিসম্পদখাতের ২৩টি প্রকল্পের বরাদ্দ হচ্ছে মোট ৩৭৮ কোটি ২২ লাখ টাকা এবং এই ৭ মাসে এ উপখাতে ব্যয় হয়েছে প্রায় ১৪৩ কোটি টাকা। এসব প্রকল্পের মধ্যে প্রাণিসম্পদ অধিদফতরের ১৬টি প্রকল্পে ৩৪০ কোটি ২৪ লাখ, প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ৬টি প্রকল্পে ৩০ কোটি ৭২ লাখ এবং ভেটেরিনারি কাউন্সিলের ১টি প্রকল্পে ৭ কোটি ২৬ লাখ টাকা বরাদ্দ আছে। তবে বিগত ২০১৭-১৮ অর্থবছরে এই উপখাতের ২১টি প্রকল্পে বরাদ্দকৃত প্রায় ৫০২ কোটি৫০ লাখ টাকার মধ্যে একই সময়ে ব্যয় হয়েছিল মোট ১৫৬ কোটি ২৫ লাখ টাকা।
যে সকল মৎস্য উপখাত প্রকল্প বাস্তবায়িত হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মুক্তাচাষ প্রযুক্তি উন্নয়ন প্রকল্প, জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদনবৃদ্ধি, ৩টি উপকূলীয় জেলার ৪ স্থানে মৎস্য অবতরণকেন্দ্র স্থাপন, হাওর অঞ্চলে মৎস্য অবতরণকেন্দ্র স্থাপন, সামুদ্রিক মৎস্য গবেশণা জোরদারকরণ ও অবকাঠামো উন্নয়ন, চাঁদপুর নদীকেন্দ্র ইলিশ গবেষণা জোরদারকরণ, ঝিনুক ও শামুক সংরক্ষণ পোনা উৎপাদন এবং চাষ প্রভৃতি।
এছাড়া প্রাণিসম্পদ উপখাতের প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে— প্রানিসম্পদ উপকরণ ও প্রাণিজাত খাদ্যের মান নিয়ন্ত্রণ গবেষণাগার স্থাপন, ব্লাকবেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ, কৃত্রিম প্প্রপজনন কার্যক্রম সম্প্রসারণ ও ভ্রূণ স্থানান্তর প্রযুক্তি বাস্তবায়ন, জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানার মাস্টার প্লান প্রণয়ন, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প প্রভৃতি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














