স্বপ্নের টানেল ঘিরে শিল্পায়নে বিপ্লবের প্রত্যাশা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-২৫ ১৫:৪৬:৩১
এশিয়ার সবচেয়ে বড় খনন মেশিন (টিবিএম) দিয়ে শুরু হয়েছে কর্ণফুলি নদীর তলদেশে দেশের প্রথম এবং স্বপ্নের টানেল নির্মাণের মূল কাজ। নদীর তলদেশ থেকে সর্বনিম্ন ১৫ মিটার গভীরে চলবে এই খননকাজ। চারলেনের এই টানেলটি নদীর নিচে সাড়ে ৩ কিলোমিটার দীর্ঘ টানেল হবে। দুটি টিউব দিয়ে চলবে এই গাড়ি। আগামী ২০২২ সালেই এই টানেল দিয়ে গাড়ি চলাচল শুরু হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ ফেব্রুয়ারী রবিবার সুইচ টিপে দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্বপ্রথম এই টানেল নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আর এটির নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’।
এই টানেল চট্টগ্রাম নগরীর মূল শহরের সঙ্গে কর্ণফুলী নদীর অপর পারে অবস্থিত আনোয়ারা উপজেলাকে সরাসরি যুক্ত করবে এবং দুপারের নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করবে। আর এই টানেল ঘিরে পিছিয়ে থাকা আনোয়ারা এলাকায় শিল্পায়নে বিপ্লবের প্রত্যাশা সকলের। বর্তমানে আনোয়ারা প্রান্তে চীনা অর্থনৈতিক অঞ্চল এবং কোরিয়ান ইপিজেড ঘিরে বিশাল বিনিয়োগ হবে।
এছাড়া এই টানেলের মাধ্যমে বঙ্গোপসাগর উপকূল ঘিরে পর্যটনে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচিত হবে ও ব্যাপক রাজস্ব আয় বাড়বে এবং কর্মসংস্থান নিশ্চিত হবে।
টানেলের প্রকৌশলীরা বলছেন, নদীর এই প্রান্ত থেকে আনোয়ারা প্রান্ত পর্যন্ত সাড়ে ৩ কিলোমিটার দীর্ঘ টানেলের খননে সময় লাগবে দুই বছর। খননের পর মাটি সরিয়ে বসানো হবে সিমেন্টের তৈরি সেগমেন্ট; সেগুলো চীন থেকে এরই মধ্যে পতেঙ্গা প্রকল্প এলাকায় পৌঁছেছে। এরপর চার লেনের দুটি টিউব বসানো হবে; যেটা দিয়ে গাড়ি চলবে ৮০ কিলোমিটার গতিতে।
কর্তৃপক্ষ বলছে, প্রতি মাসে কাজের লক্ষ্যমাত্রা হচ্ছে ২০ শতাংশ, আমরা করছি ৩০ শতাংশ। যে গতিতে কাজ এগোচ্ছে বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে আগামী ২০২২ সালেই এই টানেল দিয়ে গাড়ি চলবে।
জানতে চাইলে টানেল নির্মাণ প্রকল্পের পরিচালক হারুনুর রশিদ চৌধুরী বলেন, ‘প্রায় ১২ মিটার ব্যাসের এই টিবিএম মেশিন চালানোর জন্য চীনা প্রকৌশলীরা পুরোপুরি প্রস্তুত। স্থলভাগ থেকে অটোমেটেড মেশিনে এই খননকাজ চালানো হবে। এ জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধার নিশ্চয়তা পেয়েছি আমরা।
তিনি বলেন, টানেলের মূল কাজ হচ্ছে নদীর নিচে খনন। দুটি টিউব খননকাজ করতে সময় লাগবে দুই বছর। খননের সঙ্গে সঙ্গেই সিমেন্টের তৈরি সেগমেন্ট স্বয়ংক্রিয়ভাবে একটির সঙ্গে আরেকটি সংযুক্ত করা হবে; যা নিয়ন্ত্রিত হবে কম্পিউটারের মাধ্যমে।
প্রকৌশলীরা বলছেন, নদীর তলদেশে মাটি খননের পর একটার সঙ্গে একটা সিমেন্টের তৈরি সেগমেন্ট বসিয়ে সাড়ে ৩ কিলোমিটার দীর্ঘ টানেল তৈরি হবে। সেই সেগমেন্ট তৈরি হচ্ছে চীনের কারখানায়। মোট ১৯ হাজার ৭০০ সেগমেন্ট বসানো হবে; এর মধ্যে চট্টগ্রামে পৌঁছেছে দুই হাজার ২৪০টি।
এই টানেলের বিষয়ে জানতে চাইলে তৈরি পোশাক শিল্পের ব্যবসায়ী ও ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম চট্টগ্রামের সভাপতি এস এম আবু তৈয়ব বলেন, ‘বিষয়টি এমন না যে এটি কারনে শুধু চট্টগ্রাম লাভবান হবে। মিরসরাই থেকে কক্সবাজার পর্যন্ত যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচিত হবে। এসব এলাকা ঘিরে পর্যটন, শিল্পায়ন ও বিনিয়োগে বিশাল বাণিজ্যিক সম্ভাবনা তৈরি হবে। নদীর ওপারে ভারী শিল্প-কারখানা গড়ে উঠবে। তবে সেটি রাতারাতি গড়ে উঠবে না।’
সরকারের পরিকল্পনা হচ্ছে, মিরসরাই থেকে কক্সবাজার পর্যন্ত সাগর পার দিয়ে বিকল্প মহাসড়ক নির্মাণ এবং পরবর্তী সময় যা মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত করা। এর ফলে চট্টগ্রাম হয়ে উঠবে নতুন অর্থনৈতিক করিডর।
প্রতিক্রিয়া জানিয়ে কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম বলেন, মহেশখালী ঘিরে সরকার যে মেগা প্রকল্প বাস্তবায়ন করছে তার সুফল পেতে বিকল্প মহাসড়ক দরকার। আর টানেলের মাধ্যমেই প্রথমে আনোয়ারা, বাঁশখালী পরে চকরিয়াসহ উপকূলীয় এলাকাগুলোর বাণিজ্যিক ক্ষেত্রে বিশাল সম্ভাবনা তৈরি হবে, যা এখনো কেউ আঁচ করতে পারছে না।
টানেল নির্মাণকে কেন্দ্র করে কর্ণফুলী নদীর ওপারে বিনিয়োগ সম্ভাবনার নতুন দুয়ার উন্মুক্ত হবে। বর্তমানে কর্ণফুলী নদীর ওপারে আংশিক চালু রয়েছে কোরিয়ান ইপিজেড। এর পাশাপাশি বিচ্ছিন্নভাবে কিছু শিল্প-কারখানা গড়ে উঠেছে। টানেল নির্মাণের সঙ্গে সমন্বয় রেখে সরকার আনোয়ারার একটি ইকোনমিক জোন স্থাপন করছে। এর পাশাপাশি চীনের বিনিয়োগকারীদের জন্য বিশেষ ‘চায়না ইকোনমিক জোন’ বাস্তবায়িত হচ্ছে।
চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম ‘টানেল নির্মাণের ফলে কর্ণফুলী নদীর ওপার ঘিরে বিনিয়োগের নতুন দুয়ার উন্মুক্ত হবে। এটিকে কাজে লাগিয়ে পরিকল্পিত শিল্পাঞ্চল হবে সেখানে। আর এশিয়ান হাইওয়ে ও নতুন সিল্ক রুটে প্রবেশ করবে চট্টগ্রাম। চট্টগ্রাম হয়ে উঠবে অর্থনৈতিক করিডর।’
চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কম্পানি (ফোর সি) এবং হংকংভিত্তিক প্রতিষ্ঠান অভি অরূপ অ্যান্ড পার্টনার্স লিমিটেড বলছে, চালুর প্রথম বছরেই ৬৩ লাখ গাড়ি চলবে এই টানেল দিয়ে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














