প্রথম প্রেমের গল্প

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০২-২৭ ১২:০১:৩৬


সময়টা ছিল বিকেলের শুরু আর দুপুরের শেষ। আকাশটা মেঘলা ছিল না। ঝরঝরে রোদ ছিল আকাশে। বেশ দারুণ আকাশ। মনে হয়ে ছিল আকাশ নতুন ভাবে আমার সাথে পরিচিত হচ্ছে। সাদা পাঞ্জাবীতে আমি দাঁড়িয়ে। ছোটছোট মেঘদূত উড়ে যায় এপার থেকে সেপারে। মুগ্ধ মনে তাকিয়েছিলাম আকাশে।

তোর আগমনী বার্তা বাতাসের সুরে। ফুলের সুবাসিত স্নিগ্ধতায় ছেয়ে আছে পুড়ো শহর। আজ তোর সাথে প্রথম দেখা। পা বাড়ালাম সামনের দিকে। তুই আর আমি। আমি আর তুই। ঝরঝরে রোদ কেটে গিয়ে ফোটায় ফোটায় বৃষ্টি। ক্লান্ত কাকেরা ছুটে যায় নিরাপদ আঙিনায়। চড়ুইপাখি তার নিজস্ব দালানে পাখা ঝাপটায়।

মনে আছে। বৃষ্টিতে ভিজে আমরা দুজন এগুচ্ছিলাম সামনে দিকে। তুই আমার খুব কাছাকাছি হাট ছিলি।  মাঝেমধ্যে সদ্য কথা শেখা টিয়া পাখির মত একটা দুটো  কথা বলছিলি। হঠাৎ হাতটা চেপে ধরলি। বুঝলাম রাস্তা পেরুতে। কিন্তু আমার আকশে বৃষ্টির সাথে মৃদু বিজলি দেখা দিল। নরম আংগুল। কমল স্পর্শ। অনুভূতির তনুতে যেন এক বিশাল সমুদ্রের হিল্লোল।

ছোটবেলায় খুব সিনেমা দেখতাম। প্রায় সব সিনেমাতেই প্রেমিক প্রেমিকার দেখা মানেই বৃষ্টিতে ভিজে গান। তখন মনে মনে ভাবতাম বড় হলে প্রেমিকার সাথে দেখা হলে আমারও হয়ত বৃষ্টিতে ভেজা হবে। গান হবে। আজ ঠিক গান হচ্ছেনা তবে বৃষ্টিতে ভেজা হচ্ছে ঠিকই। তবে বৃষ্টিটা মৃদু। আমাদেরকে ভেজাচ্ছে না। পরস্পর কাছাকাছি হেটে যাচ্ছি অজানার উদ্দেশ্যে। ঠিক নেই কোথায় যাব। যেখানে গিয়ে আজ পৌঁছই। আমরা চা খাবো। আর তেমন কিছুনা।

আমের মুকুলের ঘ্রাণে নাক কুটকুটাচ্ছে। পথের বাটে মুকুলের অবেলার ঝরে যাওয়ার শব্দ। ভেজা কাকপক্ষী মাঝেমধ্যে ভাংগা কণ্ঠে ডেকে উঠে কি যেন বলতে চাচ্ছে। চায় গরম, চায় গরম, বলে গলা খেঁকাচ্ছে চা ওয়ালা। দু কাপ চা। দুটো চুমুক। চা দিয়েই আমাদের প্রথম মিষ্টিমুখ। হালকা আদা লেবু চায়ের স্বাদ যতটা অতুল করেছে, তার থেকে বেশি অতুল ছিল তোর সাথে চা খাওয়ার স্বাদ। চা, এতো মধুর হয় সে আমার প্রথম অভিজ্ঞতা।

একটা ছোট ছেলে, সে প্রতিবন্ধী কিন্তু ভিখারি নয়। ফুল বিক্রি করে। এমনি টাকা দিলে গ্রহণ করেনা। তার কাছ থেকে সাদা আর লাল দুটো গোলাপ দিয়েছিলাম তোকে। শিশুটি ফ্যালফ্যাল করে তাকিয়েছিল তোর দিকে। মেঘ কাজল চুল তোর কপালে এলিয়ে ছিল বেখেয়ালে। এক মধ্যবয়সী নারী এসে তোকে বলেছিল, তার খোঁপায় গোলাপ বেধে দিতে। তুই বেঁধেও দিলি। এক রোমাঞ্চকর মুহূর্ত ছিল। হ্যা সত্যি! প্রথম প্রেমের শুরু এভাবেই প্রথম দেখাতেই হয়। তুই আমার দেখা প্রথম প্রেমের গল্প।