গণশুনানির নামে গ্যাসের দাম বাড়ানোর পায়তারা

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০৩-০২ ১৭:২০:৩৯


আবাসিক গ্যাসের দাম এক বার্নারের চুলা ৭৫০ থেকে বাড়িয়ে ১০০০টাকা এবং দুই বার্নারের চুলা ৮০০ টাকা থেকে বাড়িয়ে ১২০০ টাকা করার প্রস্তাব দিয়েছে গ্যাস বিতরণকারী কোম্পানিগুলো।দাম বৃদ্ধির এই প্রস্তাব নিয়ে গণশুনানির নামে গ্যাসের দাম বাড়ানোর পায়তারা করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন(বিইআরসি)।

শনিবার (২মার্চ) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদী নাগরিক সমাজের ব্যানারে এক মানববন্ধনে এসব অভিযোগ করেন বিশিষ্ট কলামিস্ট,গবেষক ড.সৈয়দ আবুল মকসুদ।

তিনি বলেন, রাজধানীতে আবাসিক গ্যাস গ্রাহকরা চুলা প্রতি যে টাকা দেন তার অর্ধেক গ্যাসও ব্যবহার করতে পারেন না।সারা দেশের বিভিন্ন জেলা উপজেলায় বেশি দামে গ্যাস কিনতে হয় সাধারন মানুষদের।সিলিন্ডার ব্যবসায়ীদের দৌরাত্ম ঠেকাতে সরকারের পক্ষ থেকে নেয়া হয়নি কোনো পদক্ষেপ।

অভিযোগ উঠেছে, জনস্বার্থ লংঘন করে দুর্নীতিবাজ ব্যক্তির পক্ষে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে পরিকল্পিত,পক্ষপাতদুষ্ট গণশুনানির আয়োজন করতে যাচ্ছে  কমিশনের সদস্যরা।এছাড়া পক্ষপাতদুষ্ট এই কমিশনের সদস্যদের কারো কারো বিরুদ্ধে দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকার প্রমাণ মিলেছে।

মানববন্ধনে জানানো হয়, আগামী ১১ই মার্চ ২০১৯ থেকে বিইআরসি গণশুনানির নামে জনগনের উপর গ্যাসের দাম বৃদ্ধি করে যে বোঝা চাপানোর পায়তারা করছে তা প্রতিহত করতে হবে।

আবাসিক গ্রাহকদের চুলায় নিয়মিত গ্যাস ও সারাদেশে ন্যায্য মূল্যসহ নিরাপদ গ্যাস নিশ্চয়তা বিধান করতে জনগনকে আওয়াজ তুলতে বলা হয় মানববন্ধন থেকে।

সৈয়দ আবুল মকসুদের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন- বাসদ নেতা রাজেকুজ্জামান রতন, সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, নাগরিক আন্দোলনের নেতা শরিফ উদ্দিন শরীফ, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী প্রমুখ।

সান বিডি/রাশেদ