বিপুল পরিমান মেয়াদোর্ত্তীণ খেজুর ও পঁচা নাশপাতি জব্দ

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৩-০৩ ১৯:৫৩:৩২


রাজধানীর পুরান ঢাকা এলাকায় বিভিন্ন ফলের আড়তে খাদ্যে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব সদস্যরা। অভিযান চলাকালে ওই এলাকার একটি ফলের আড়তের হিমাগার থেকে মেয়াদোর্ত্তীণ ২ হাজার পাঁচশো মণ খেজুর এবং ২০ মণ নাশপাতি জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

রোববার(৩ র্মাচ) দুপুরে পু্রান ঢাকার সোয়ারীঘাট এলাকায় খাদ্যে ভেজাল বিরোধী বিশেষ অভিযান শুরু করে র‌্যাব। অভিযানে চাঁন মিয়ার আড়ৎ নামের একটি ফলের আড়ত থেকে ফলগুলো জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এই বিশেষ অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, ‘এখানকার কিছু অসাধু ব্যবসায়ী রমজানকে সামনে রেখে মেয়াদোত্তীর্ণ ফলমূল বাজারজাত করার জন্য সংরক্ষণ করছে। এমন অভিযোগে দুপুর থেকে র‌্যাব-৩ এর সদস্যদের সহায়তায় অভিযান চালানো হচ্ছে।’

তিনি আরও বলেন, জব্দ করা এই খেজুরগুলো গত জুলাই মাসেই মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। অথচ আগামী রমজান মাসে বিক্রির জন্য এগুলো  হিমাগারে রেখে দেওয়া হয়েছে। একই অবস্থা নাসপাতিরও। ফলগুলো পঁচে ফাঙ্গাস পড়ে গেছে। তারপরও সেগুলো হিমাগারে রাখা হয়েছে। এখন মাত্র একটি আড়তে অভিযান চলছে। আশপাশের আরও আড়ৎ রয়েছে। সেগুলোতেও অভিযান চলবে।’ অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।