ব্যবসা-বিনিয়োগ বৃদ্ধির যেকোনা উদ্যোগে সহযোগিতা দিবে সরকার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০৩-০৪ ১৮:৫৯:২১


ব্যবসা সহজীকরণ ও বাংলাদেশে বিনিয়োগ আকৃষ্ট করার উদ্দেশ্যে সংযুক্ত  আরব আমিরাতের যেকোনো উদ্যোগকে সরকার স্বাগত জানাবে । এক্ষেত্রে প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করা হবে বলে জানিয়েছেন, বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা  সালমান ফজলুর রহমান।

সোমবার (৪ র্মাচ) সালমান ফজলুর রহমানের সাথে  সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অনটাইম গ্রুপের সিইও জনাব ওয়ালিদ বিন আব্দুলকরিমের নেতৃত্বে তিন সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

জনাব ওয়ালিদ বিন আব্দুলকরিম উপদেষ্টাকে জানিয়েছেন যে, ইউএই’র বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের মধ্যে যারা বাংলাদেশে ব্যবসা করতে চান তাদের জন্য একটি ‘ব্যবসা সহায়ক কেন্দ্র’ তৈরি করতে সংযুক্ত আরব আমিরাতের সরকার তাদের কোম্পানিকে অনুমোদন দিয়েছে। ঢাকাস্থ ইউএই দূতাবাসের সাথে সমন্বয়ের মাধ্যমে বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের জন্য এটি তথ্য বিতরণ ও সহায়তা প্রদান করবে। এছাড়া যেসব বাংলাদেশী ইউএইতে বিনিয়োগ করতে বা ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করতে চান, তারাও এখান থেকে প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাবেন। উক্ত ব্যবসায়িক দল এক্ষেত্রে উপদেষ্টার সহযোগিতা চেয়েছেন। ইউএই’র এই ব্যবসায়ী প্রতিনিধি দলের মধ্যে আন্তর্জাতিক মামলা ও সালিশ বিশেষজ্ঞ ইয়াসমিন হক, এলএলএম-ও ছিলেন।

মাননীয় উপদেষ্টা এই উদ্যোগ গ্রহণের জন্য জনাব ওয়ালিদ বিন আব্দুলকরিমের প্রশংসা করেন। তিনি ইউএই’র এই প্রতিনিধি দলকে ব্যবসা সহায়ক কেন্দ্র স্থাপনে ব্যক্তিগতভাবেও সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন। তিনি আশা প্রকাশ করেন যে, এই প্রচেষ্টার ফলে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীরা বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতিতে বিনিয়োগে আরও আগ্রহী হবে।