খালেদার চিকিৎসার নামে রাজনীতি করাই বিএনপির উদ্দেশ্যে
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৪-০৯ ১৪:২১:৫৩
বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের চিকিৎসা ও রোগমুক্তি বিএনপির মূল উদ্দেশ্যে নয়। তাদের উদ্দেশ্য হচ্ছে চিকিৎসার নাম করে রাজনীতি করা বলে মন্তব্য করেছেন,আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, আইনী প্রক্রিয়ার মাধ্যমেই বেগম জিয়াকে মুক্ত করা সম্ভব তাই সেই পথে নামেন। এর বাইরে অন্য কোন পথে লাভ হবে না।
এক সেমিনারে এসব কথা বলেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি)’তে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি ‘ভবনের কর্মদক্ষতা ভিত্তিক অগ্নি সুরক্ষাঃ বর্তমান প্রেক্ষিত শীর্ষক ওই সেমিনারের আয়োজন করে।
মাহবুব উল আলম হানিফ বলেন, প্যারোলে মুক্তির বিষয়টি কেন কি কারণে এসেছে জানি না? প্যারোলে মুক্তির বিষয়টার বিষয়ে খালেদা জিয়ার পক্ষ থেকে যদি আবেদন করা হয় সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবেচনা করতে পারে। যেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। এর বাইরে আইনি প্রক্রিয়ায় বেগম জিয়াকে মুক্ত করা সম্ভব হবে।
আন্দোলন করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না।
তিনি বলেন, এই ধরনের আন্দোলনের হুমকি দিয়ে কোন লাভ হবে না। আপনারা আন্দোলন বহু করেছেন, আপনাদের আন্দোলন দেশবাসী দেখেছে। আপনারা যদি সত্যিকার অর্থেই বেগম খালেদা জিয়ার জন্য উদ্বিগ্ন থাকেন, তাহলে আইনী প্রক্রিয়াতেই যোগাযোগ করেন। আপনাদের অনেক বিজ্ঞ ব্যারিস্টার আছে। যারা অন্যের সম্পত্তি নিজের নামে জাল দলিল করে দীর্ঘদিন ভোগ করেছেন। এরকম দক্ষ ব্যারিস্টার আপনাদের মাঝে অনেক আছে। তাদেরকে দিয়ে আপনারা আইনী প্রক্রিয়ায় চেষ্টা করেন।
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে মাহবুব উল আলম হানিফ বলেন, আমরা বারবার বলেছি বাংলাদেশে যে কোন দন্ডপ্রাপ্ত কয়েদীর সুচিকিৎসার দায়ভার কারা কর্তৃপক্ষের। বেগম খালেদা জিয়া যেহেতু সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। সেই মানবিক কারণে তার সর্বোচ্চ চিকিৎসা যাতে নিশ্চিত হয় সেই কারণে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে।
বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা বলেন- খালেদা জিয়াকে কারাগারে কোন সুযোগ সুবিধা কারা কর্তৃপক্ষ দিচ্ছে না। বাংলাদেশ সরকার শুধু নয়, পৃথিবীর কোন দেশের কোন কয়েদীকে আইনগতভাবে যে সুযোগ সুবিধা দেয়া হয় আপনাদের নেত্রীকে তার চেয়েও বেশী আইন বহির্ভুতভাবে সুযোগ সুবিধা দেয়া হয়েছে। পৃথিবীতে কোন নজির আছে একজন দন্ডপ্রাপ্ত কয়েদীর ইচ্ছার জন্য তার সুবিধার জন্য আরেকজন নিরপরাধ ব্যক্তিকে জেল খাটতে হয়? কিন্তু সেটাও খাটছে। আপনাদের নেত্রীর জন্য তার ইচ্ছানুযায়ী একজন নিরীহ মহিলাকে কারাবরণ করতে হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। সম্প্রতি রাজধানী ঢাকায় অগ্নি দূর্ঘটনায় সরকারকে দোষারোপ করে বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে মাহবুব আলম হানিফ বলেন, আমরা একটা দূর্ভাগা জাতি। আমাদের দেশে প্রত্যেকটি বিষয় নিয়েই মানুষ রাজনীতি খুঁজে বেড়ায়। একটা দূর্ঘটনায় যখন মানুষের জীবন বিপন্ন হয়, সেখানে মানুষকে কিভাবে উদ্ধার করতে হবে? সরকারের পক্ষ থেকে সেখানে যখন উদ্ধারের চেষ্টা করা হচ্ছে, সেখানেও কিন্তু রাজনীতি খোঁজার চেষ্টা করা হয়। আমাদেরকে এই মানষিকতা থেকে বের হতে হবে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














