হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা স্বীকার করেছেন নুর উদ্দিন

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৪-১৩ ১৬:১৩:১৬


সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে (১৮) কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার ঘটনায় নিজের সম্পৃক্ততা স্বীকার করেছেন গ্রেপ্তারকৃত নুর উদ্দিন।

আজ শনিবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর ধানমন্ডির ৪ নম্বর রোডস্থ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিআইজি ও পিবিআই প্রধান বনোজ কুমার মজুমদার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নুসরাত হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে নুর উদ্দিন। ঘটনাটি পরিকল্পিত বলেও জানিয়েছেন তিনি। জবানবন্দিতে সে জানায়, অপারেশনে চারজন বোরখা পরিহিতের মধ্যে দুই জন ছেলে আর বাকি দুইজন মেয়ে ছিল। তারা সবাই ওই মাদরাসার শিক্ষার্থী।

মিশনে অংশ নেয়া চারজনের মধ্যে ছাত্রলীগ সভাপতি শাহদাত হোসেন শামীমকে গ্রেপ্তার করা হয়েছে। আর শম্পা বা চম্পা নামে যে ছিল সে বাইরে এসে বলছিল নুসরাতকে মারছে। সেই শম্পা বা চম্পাও গ্রেপ্তার হয়েছে।

সম্মেলনে পিবিআই আরো জানায়, এ ঘটনায় জড়িত মোট ১৩। এখন পর্যন্ত ৭ জন গ্রেপ্তার হয়েছে। সিরাজ উদ দৌলার নির্দেশই হত্যাকাণ্ডের পরিকল্পনা বাস্তবায়ন করে শামীম ও নুর উদ্দিন। গ্রেপ্তারকৃতরা হলেন- গতরাতে ধরা পড়া শামীম, এস এম সিরাজ উদ দৌলা, নুর উদ্দিন, কাউন্সিলর মাকসুদ আলম, জুবায়ের আহম্মেদ, জাবেদ হোসেন এবং আফছার উদ্দিন। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।