পুলিশকে ইস্টার সানডে ও শবে বরাত উপলক্ষে সতর্ক থাকার নির্দেশ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-২১ ১৬:০৬:২৩
শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের ফিল্ড কমান্ডারদের (এসপি/ডিসির মতো মাঠ পর্যায়ের অফিসার) সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ পুলিশ সদর দফতর।
আগে থেকে ইস্টার সানডে ও পবিত্র শবে বরাত উপলক্ষে নিরাপত্তা জোরদার করার নির্দেশ ছিল। শ্রীলঙ্কার ঘটনার পর নতুন করে আজ এ নির্দেশনা দেয়া হলো।
পুলিশ হেড কোয়ার্টার্সের সহকারী মহা-পরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকাসহ সারাদেশের ফিল্ড কমান্ডারদের (এসপি/ডিসির মতো মাঠ পর্যায়ের অফিসার) সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। শবে বরাত ও ইস্টার সানডেকে সামনে রেখে কেউ যাতে নাশকতামূলক কর্মকাণ্ড না করতে পারে সেজন্য পুলিশ বাহিনী প্রস্তুতি রয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হবে। তবে এই দুই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বাংলাদেশে কোন ধরনের হামলার হুমকি কিংবা আশঙ্কা নেই।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













