শ্রীলঙ্কা থেকে আসা ১১ শ্রমিকের ক্রিমিনাল রেকর্ড নেই: মনিরুল

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-২৭ ১৬:১০:১০


পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, ‘শ্রীলঙ্কা থেকে ফেরত আসা ১১ বাংলাদেশি শ্রমিকের কারও বিষয়ে এখন পর্যন্ত কোনও ক্রিমিনাল রেকর্ড পাওয়া যায়নি। তবে সে বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

শনিবার (২৭ এপ্রিল) মিন্টু রোডে নিজের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শ্রীলঙ্কা থেকে ঢাকায় ফেরা ১১ শ্রমিককে জিজ্ঞাসাবাদের বিষয়ে তিনি বলেন, শ্রীলঙ্কা থেকে ফেরত ১১ বাংলাদেশি শ্রমিক সেখানকার ইব্রাহিম ইনসাফ আহমেদের কলসাস মেটাল নামে একটি পিতলের কারখানায় পিতলের তৈজসপত্র তৈরির কাজ করতেন। হামলার ঘটনায় ওই ফ্যাক্টরির মালিক নিহত হয়েছেন। ওই ১১ জন মূলত টুরিস্ট ভিসায় সেখানে গিয়ে ওয়ার্ক পার্মিট ছাড়া কাজ করছিলেন। অনেকের আবার ভিসার মেয়াদও ছিল না। শ্রীলঙ্কার কর্তৃপক্ষ তাদের অ্যাম্বাসির মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে।এদের মধ্যে বেশিরভাগ টাঙ্গাইলে বসবাসকারী।

তাদের জিজ্ঞাসাবাদের বিষয়ে তিনি বলেন, আমরা এই ১১ জনকে জিজ্ঞাসাবাদ করছি। যে সন্ত্রাসী মারা গেছে তার সম্পর্কে এবং তার আত্মীয়দের সম্পর্কে জানার চেষ্টা করছি। এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদে তারা কিছুই জানাতে পারেনি। তারা মালিককে দুই/চার বার দূর থেকে দেখেছে তবে মালিকের সঙ্গে তাদের যোগাযোগ করার কোনো সুযোগ হয়নি বলে জানিয়েছে।

তিনি বলেন, এখন পর্যন্ত আমরা জেনেছি এই হামলা ও ফ্যাক্টরির মালিকের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তবে এখনও জিজ্ঞাসাবাদ চলছে। কোনো সংশ্লিষ্টতা না পেলে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেয়ার সুযোগ নেই।

শ্রীলঙ্কায় হামলার বিষয়ে এ পর্যন্ত তারা কোনো তথ্য দিতে পারেনি। এছাড়াও বাংলাদেশে এই ১১ জনের এখন পর্যন্ত কোনো ক্রিমিনাল রেকর্ড পাওয়া যায়নি। তবে সেটির বিষয়েও খোঁজখবর নেয়া হচ্ছে। আপাত দৃষ্টিতে মনে হয়েছে শ্রীলঙ্কার হামলা ও হামলাকারীর সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই।