কৃষক লীগ থেকে বহিষ্কার কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৯-২১ ১৮:৩১:০৮
রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শফিকুল আলম ফিরোজকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার গোপালগঞ্জের কোটালীপাড়ায় কেন্দ্রীয় কৃষক লীগের এক অনুষ্ঠানে তাকে বহিষ্কারের কথা জানান সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোতাহার হোসেন মোল্লা।
সাংবাদিকদের তিনি জানান, সন্ত্রাসী-চাঁদাবাজদের কৃষক লীগে কোনো স্থান নেই। সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য শফিকুল আলম ফিরোজকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি শফিকুল ইসলাম ফিরোজের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে ধানমন্ডি থানায় দুটি মামলা দায়ের করা হয়। শনিবার তাকে আদালতে হাজির করে দুই মামলায় ২০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত পৃথক দুই মামলায় ৫ দিন করে ১০ দিনের রিমান্ড মুঞ্জুর করেন।
আজ শনিবার বিকেলে ঢাকা মহানগর হাকিম মাহমুদা আকতার দুই মামলায় এ আসামির পাঁচ দিন করে মোট ১০ দিন রিমান্ড মঞ্জুর করেন। গতকাল শুক্রবার দুপুরে অভিযান শুরুর আগে ক্লাবের সভাপতি শফিকুল আলমকে ক্লাব থেকে র্যাব-২–এর কার্যালয়ে নেওয়া হয়। সেখানে কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে তাকে নিয়েই ক্লাবে অভিযান চালানো হয়। এ সময় কলাবাগান ক্রীড়াচক্র ক্লাব থেকে ক্যাসিনোয় ব্যবহৃত ৫৬২ পিস চিপস (কার্ড), হলুদ রঙের ইয়াবা ও একটি পিস্তল এবং কয়েক রাউন্ড গুলি জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
এদিন বিকেলে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউসুল আজমের নেতৃত্বে চলা এ অভিযানে গ্রেপ্তার করা হয় ক্লাবে কর্মরত চার কর্মচারীকে। তারা হলেন- মফিজুল ইসলাম, হারুন, আনোয়ার ও লিটন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














