‘বিএনপিকে দুর্বল করার ষড়যন্ত্র করছেন অলি’
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-১৮ ১৩:৪৯:৪৯
কর্নেল (অবসরপ্রাপ্ত) অলি আহমদ বিএনপির শীর্ষ নেতৃত্বকে বিতর্কিত ও দুর্বল করার যড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) পুনর্গঠিত কমিটির সদস্য সচিব শাহাদাত হোসেন সেলিম।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরম খাঁ হলে এলডিপির ব্যানারে ‘সাম্প্রতিক প্রেক্ষাপট নিয়ে’ এক সংবাদ সম্মেলনে এলডিপির নতুন কমিটি ঘোষণার পর তিনি এ অভিযোগ করেন।
নতুন অংশের কমিটিতে আব্দুল করিম আব্বাসিকে সভাপতি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া কমিটিতে আরও রয়েছেন- বিএনপির সাবেক সংসদ সদস্য ও এলডিপির সাবেক প্রেসিডিয়াম সদস্য আব্দুল গণি, সাবেক সাংগঠনিক সম্পাদক এম আবুল বাশার, তৌহিদ আনোয়ার ও ইবরাহিম রওনক, সাবেক দপ্তর সম্পাদক কাজী মতিউর রহমান।
শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘কর্নেল অলি সাহেব তার এক বক্তব্যে বিএনপির পুরো নেতৃত্বকে চ্যালেঞ্জ করেছেন। তার এই বক্তব্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দী থাকায় এবং তারেক রহমান দেশের বাইরে থাকায় বিএনপির নেতৃত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। তিনি বিএনপি শীর্ষ নেতৃত্বকে বিতর্কিত ও দুর্বল করার জন্য যড়যন্ত্র করছেন, যা আমাদের মতো জাতীয়তাবাদী আদর্শ কর্মীর পক্ষে মেনে নেওয়া কঠিন হয়ে পড়ে।’
এ সময় বিএনপি আহ্বান জানালে নতুন পুনর্গঠিত কমিটি তাদের সঙ্গে যুক্ত হবে বলেও জানান এলডিপির পুনর্গঠিত কমিটির সদস্য সচিব।
এর আগে গত ১৫ মে বিএনপির নেতৃত্ব নেওয়ার ইচ্ছা পোষণ করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ। ওইদিন জাতীয় প্রেসক্লাবে এলডিপি আয়োজিত ‘মধ্যবর্তী নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তি’ শীর্ষক গোলটেবিল আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি এ ইচ্ছার কথা জানান।
বিএনপি নেতাদের উদ্দেশে অলি আহমদ বলেন, ‘বর্তমানে বেগম খালেদা জিয়ার পক্ষে জেলে থেকে আমাদের নির্দেশ দেওয়া সম্ভব নয়। তারেক রহমানের পক্ষে লন্ডন থেকে সক্রিয়ভাবে মাঠে থাকা সম্ভব নয়। সুতরাং দেশের এই ক্রান্তিলগ্নে আমাদেরকেই সেই দায়িত্ব নিতে হবে এবং আমি সেই দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত।’
তিনি আরও বলেন, ‘আমাদের আর বসে থাকলে চলবে না, এগিয়ে যেতে হবে। আমরা উদ্যোগ নিয়েছি এগিয়ে যাওয়ার। বিএনপি ও তাদের নেতাদের অনুরোধ করব—হয় আপনারা নেতৃত্ব দেন, না হলে আমাদের নেতৃত্ব গ্রহণ করুন।’
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














