দেশে এখনো ১০ জনের দুজন দরিদ্র

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-১৭ ১৭:৪৯:২৪


দেশের এখনো ২০ দশমিক ৫ শতাংশ মানুষ দরিদ্র। এর মধ্যে আবার ১০ দশমিক ৫ শতাংশ অতিদরিদ্র। এ হিসেবে প্রতি ১০ জনের দুজন দরিদ্র, অতি দরিদ্র একজন। তবে প্রতিবছরই দারিদ্র্য কমছে।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

একজন ব্যক্তিকে দৈনিক ২১২২ ক্যালরি খাদ্য খেতে হয়। এর জন্য যে পরিমাণ আয় করতে হবে, ওই ব্যক্তি যদি সেই আয় করতে সক্ষম না হন, তবে তিনি দরিদ্র। অন্যদিকে যে ব্যক্তি দৈনিক ১৮০৫ ক্যালরি খাদ্য কেনার অর্থ সংস্থান করতে পারেন না তাকে হতদরিদ্র বোঝানো হয়।

মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘দেশে দরিদ্র ও অতি দরিদ্রের হার কমেছে। দরিদ্রের হার কমেছে ১ দশমিক ৩ শতাংশ এবং অতি দরিদ্রের হার কমেছে দশমিক ৮ শতাংশ।’

মন্ত্রী জানান, আগে অতি দরিদ্রের হার ছিল ১১ দশমিক ৩ শতাংশ, এখন তাদের সংখ্যা দাঁড়িয়েছে ১০ দশমিক ৫ শতাংশ। আগে দারিদ্র্যের হার ছিল ২১ দশমিক ৮ শতাংশ, এটা বর্তমানে নেমে এসেছে ২০ দশমিক ৫ শতাংশে।

এম এ মান্নান বলেন, ‘দরিদ্র ও অতি দরিদ্রের হার কমায় আমরা অত্যন্ত আনন্দিত। প্রধানমন্ত্রীও এতে অত্যন্ত আনন্দিত।’

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় নয় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে তিন হাজার ২২৬ কোটি ৭৫ লাখ টাকা। যার পুরোটাই সরকার বহন করবে।
সানবিডি/ঢাকা/এসএস