ঢাকা সিটি নির্বাচন পেছানো নিয়ে রিটের শুনানি নতুন বেঞ্চে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-১২ ১৯:২৭:৪০
সরস্বতী পূজার কারণে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ এক সপ্তাহ পেছানোর নির্দেশনা চেয়ে করা রিট আবেদনটি শুনানির জন্য হাইকোর্টের নতুন একটি বেঞ্চে দাখিল করা হয়েছে।
বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রোববার এ রিটটি দাখিল করা হয়। সোমবার রিটের শুনানি হতে পারে।
এর আগে রোববার বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ থেকে রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন।
এ বিষয়ে রিট আবেদনকারী আইনজীবী অশোক কুমার ঘোষ সাংবাদিকদরে বলেন, রিটটি ওই বেঞ্চের এখতিয়ারভুক্ত না হওয়ায় তা কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। পরে রিটটি অন্য (নতুন) একটি বেঞ্চে দাখিল করা হয়।
আশা করছি সোমবার এই বেঞ্চের কার্যতালিকায় আবেদনটি শুনানির জন্য আসবে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুসারে, আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর নির্বাচন হওয়ার কথা।
গত ৫ জানুয়ারি নির্বাচন পেছানোর নির্দেশনা চেয়ে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ। পরে তিনি সাংবাদিকদের বলেন, ২৯ ও ৩০ জানুয়ারি হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে ঢাকাসহ দেশের সব বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে পূজার আয়োজন করা হয়ে থাকে। কিন্তু নির্বাচন উপলক্ষে এসব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভোট কেন্দ্র স্থাপন করা হবে।
ফলে পূজা উদযাপন বিঘ্নিত হবে। নির্বাচন এক সপ্তাহ পেছানোর আবেদন প্রসঙ্গে অশোক কুমার বলেন, হিন্দু ধর্মীয় বিধান অনুযায়ী পঞ্চমী না হওয়া পর্যন্ত সরস্বতী প্রতিমা বিসর্জন দেওয়া যায় না। এ জন্য সিটি নির্বাচনের তারিখ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠানের জন্য রিটটি করা হয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














