র্যাবের সারোয়ার আলমের ফেসবুক স্ট্যাটাস মুহূর্তে ভাইরাল
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-১২ ১৬:৪৬:৫০
ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সবার উদ্দেশে প্রশ্ন করে একটি স্ট্যাটাস দিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
গতকাল বুধবার রাতে স্ট্যাটাসটি পোস্ট করার পরপর মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়। তার দেওয়া ওই স্ট্যাটাসে ১১ হাজার লাইক, ২ হাজার ৬শ কমেন্ট পড়েছে। স্ট্যাটাসটি শেয়ার হয়েছে দেড় হাজার বার।
স্ট্যাটাসে সারোয়ার আলম লিখেছেন, ‘সততা, নিষ্ঠা আর শত চ্যালেঞ্জকে হাসিমুখে আলিঙ্গন করে দেশ ও মানুষের জন্য কাজ করা কি ক্ষমতার অপব্যবহার?’

এর আগে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান ও নিজাম উদ্দিনের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের অভিযোগ এনে তাদের ক্ষমতা বাতিল করার আর্জি জানিয়ে একটি সম্পূরক রিট আবেদন করা হয়। গতকাল বুধবার চিলড্রেন’স চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের (সিসিবি ফাউন্ডেশন) পক্ষ থেকে এ রিট করা হয়।
হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে আদেশ দেওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম যোগদানের পর থেকেই খাদ্য, ওষুধ থেকে শুরু করে নিত্যপণ্যের গুণগত মান, ভেজাল এবং মেয়াদ, হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ, অতিরিক্ত ফি নেওয়াসহ নানান অপরাধের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছিলেন।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














