নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ৫ জেলেকে জরিমানা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৭-০৭ ১৮:৩৪:২৬


সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকারের দায়ে পতেঙ্গা উপকূলের মেরিন একাডেমি এলাকার পাঁচ জেলেকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার ও মো. উমর ফারুক এ অভিযানে নেতৃত্বে দেন। এতে সহায়তা করেন জেলা মৎস্য অফিসার ফারহানা লাভলী ও কোস্ট গার্ডের সদস্যদরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বলেন, সমুদ্রে মাছ নিধন ঠেকাতে অভিযানের শুরুতেই অনেক জেলে পালিয়ে যায়। এ সময় তাদের ফেলে যাওয়া প্রায় ছয় হাজার মিটার জাল জব্দ করে ধ্বংস করা হয়। পরে মেরিন একাডেমি এলাকায় ৫ জেলেকে ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

তিনি আরও বলেন, সরকারের নিষেধাজ্ঞা অনুযায়ী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সব ধরনের মাছ আহরণ নিষেধ। সরকারের বেঁধে দেয়া ৬৫ দিন শেষ হতে এখনও ১৫ দিন বাকি। সরেজমিনে দেখা যায়, অনেক অসাধু নৌকার মালিক ও জেলে সরকারের নিষেধাজ্ঞা না মেনে চিংড়ি, পোনামাছ ধরতে গিয়ে অন্যান্য সামুদ্রিক মাছের পোনাও নষ্ট করে দিচ্ছে, যার ফলে মাছের প্রজনন ব্যহত হচ্ছে।

উমর ফারুক বলেন, অভিযোগ আছে, একটা সিন্ডিকেটের সাথে এ ধরনের কর্মকাণ্ডের যোগসাজশ রয়েছে, যারা টাকার বিনিময়ে মাঝিদের মাছ ধরতে সহায়তা করে। আমরা মেরিন ড্রাইভ এলাকায় গেলে খবর পেয়ে অনেক জেলে তাদের সমুদ্র তীরবর্তী পাতানো জাল রেখে পালিয়ে যায়। আমরা তা জব্দ করি ও নির্দিষ্ট স্থানেই ধ্বংস করি।
সানবিডি/ঢাকা/এসএস