পিবিআইকে ভিপি নুরের মামলা তদন্তের নির্দেশ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১৪ ১৯:১৪:০৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
আজ বুধবার (১৪ অক্টোবর) বিকেলে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন মামলাটি আমলে নেন। এরপর পিবিআইকে তদন্ত করে আগামী ২৯ নভেম্বর প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন। মামলাটি দায়ের করেন ভিপি নুরের বিরুদ্ধে ধর্ষণের সহযোগিতার অভিযোগে করা মামলার বাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী।
এই মামলায় অভিযোগ করা হয়, নুরুল হক নুর গত ১২ অক্টোবর দুপুর আড়াইটার দিকে তার ফেসবুক আইডি থেকে যে ভিডিও প্রকাশ করেন, সেখানে তিনি বাদী সম্পর্কে যেভাবে কথা বলেছেন, তা অপমানজনক, মানহানিকর এবং আক্রমণাত্মক।
আরও বলা হয়, আসামি ছাত্র অধিকার পরিষদ নামীয় একটি সংগঠনের নেতা। তার এমন উসকানিমূলক বক্তব্যগুলো আক্রমণাত্মক, বিরক্ত, অপমান, অপদস্ত ও সমাজে হেয় প্রতিপন্ন করার অভিপ্রায়ে প্রকাশ ও প্রকাশ করে বাদীকে ও তার পরিবারকে প্রতিবেশীদের সঙ্গে বা সমাজের সঙ্গে শত্রুতা ও ঘৃণা সৃষ্টি করে সমাজে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং আইন শৃঙ্খলার অবনতি ঘটায়। বাদীর সুনাম নষ্ট করে ও মানহানি করে। যা ডিজিটাল নিরাপত্তা আইনে শাস্তিযোগ্য অপরাধ।
সানবিডি/এনজে/৭:১৪/১০.১৪.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













