চাঁদপুরে মা-ইলিশ শিকারে কৌশলী জেলেরা

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১০-১৯ ১৭:০১:০৯


ইলিশের রাজধানীখ্যাত চাঁদপুরে প্রশাসনের অভিযানের পরও বন্ধ হয়নি মা-ইলিশ শিকার। সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রজনন মৌসুমে একশ্রেণির অসাধু জেলে প্রতিনিয়ত নদীতে মাছ শিকারে নামছেন। আইন অমান্য করার প্রবণতার পাশাপাশি বিভিন্ন এলাকার প্রভাবশালী মহলের তৎপরতায় মা-ইলিশের নিধনযজ্ঞ চলছেই। ফলে এ বছর পর্যাপ্ত ইলিশ প্রাপ্তি হুমকি হয়ে দাঁড়াতে পারে।

এই জেলার টাস্কফোর্স কমিটির সদস্যরা ১৪ থেকে ১৮ অক্টোবর পযর্ন্ত মোট ৬৬টি অভিযান চালিয়ে ১০০ জেলেকে আটক করে। এদের মধ্যে ৮৪ জেলেকে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেলহাজতে পাঠিয়েছেন। বাকি ১৬ জনকে মোট ৪২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে ৭০৯ কেজি ইলিশ ও ১৬.৬১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এ ঘটনায় মোট ২৬টি মামলা হয়েছে।

এ বছর ইলিশের প্রজনন মৌসুম হিসেবে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞার আওতায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৯০ কিলোমিটার ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, মজুত, ক্রয়-বিক্রয় ও সরবরাহ নিষিদ্ধ করা হয়। কেউ আইন অমান্য করলে এক থেকে দুই বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড দেয়ার বিধান রয়েছে। জেলা প্রশাসন, কোস্টগার্ড, নৌ-পুলিশ ও মৎস্য বিভাগের সমন্বয়ে জেলা টাস্কর্ফোসের ১০টি টিম নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

সানবিডি/এনজে/৫:০০/১০.১৯.২০২০