দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত র‌্যাব

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১০-২২ ১৩:৩৩:২০


র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে দেশজুড়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় রাজধানীর বনানীর পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

র‌্যাব জানিয়েছে, নজরদারি ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। গোয়েন্দা তথ্যানুযায়ী পূজায় কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই। তারপরও সার্বিকভাবে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে র‌্যাব।

তিনি বলেন, ‘২১ অক্টোবর বোধনের মধ্যদিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গাপূজা ২৬ অক্টোবর বিজয়া দশমীর মধ্যদিয়ে শেষ হবে। এবার সারাবিশ্ব এক অদৃশ্য মহামারির মধ্য দিয়ে পার হচ্ছে।

এ জন্য আমরা আশা করছি, সবাই অনুষ্ঠানস্থলে স্বাস্থ্যবিধির বিষয়ে সতর্ক থাকবেন। এবার ভিন্ন প্রেক্ষাপটে সীমিত পরিসরে পূজার আয়োজন হলেও আমরা সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত আছি, সার্বক্ষণিক পাশে রয়েছি।’

 

সানবিডি/নাজমুল/০১:৩৩/২২.১০.২০২০