পদ্মায় মা ইলিশ ধরায় ৬২ জেলের কারাদন্ড

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-২২ ১৪:৫৬:২৪


মাদারীপুরের শিবচরে পদ্মায় অবৈধভাবে মা ইলিশ শিকার করার অপরাধে একদিনে ৬২ জেলেকে বিভিন্ন মেয়াদে কারদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে ৫৯ জনকে একবছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হক বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত পদ্মায় অভিযান চালিয়ে ৩৯ জনকে আটক করেন। পরে বুধবার সন্ধ্যায় তিনি ৩৯ জনকে কারাদণ্ড দেন।

এ সময় তিনি মাছ ক্রয় করার দায়ে দুই জনকে ১৫ দিন এবং এক জনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

এই অভিযানকালে ৬০ কেজি ইলিশ ও ৪৫ হাজার মিটার মাছ ধরার জাল আটক করা হয়।

এর আগে মঙ্গলবার রাতে আটক ২৩ জনকে বুধবার দুপুরে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন শিবচর উপজেলা সহকারী কমিশনার মো. রকিবুল হাসান।

সানবিডি/এনজে/২:৫৬/১০.২২.২০২০