এবার বিজয়ার শোভাযাত্রা ছাড়াই শেষ হচ্ছে দুর্গাপূজা

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-১০-২৬ ১০:৪০:৪৪


বিজয়া দশমীর পূজার মধ্যদিয়ে আজ সোমবার ২৬ অক্টোবর শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। তবে বিগত বছরের মতো এবার বিজয়ার শোভাযাত্রা হবে না।

সকাল ৯টা ৫৭ মিনিট থেকে দশমী বিহিত পূজার লগ্ন শুরু হয়ে পূজা শেষে দর্পণ বিসর্জনের মধ্যদিয়ে পূজার ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ হবে। এরপর রাজধানীর বিভিন্ন মন্দির থেকে তাদের সুবিধামতো সময়ে বুড়িগঙ্গা বা নিকটবর্তী কোনো জলাধারে প্রতিমা বিসর্জন দেয়া হবে।

চণ্ডীপাঠ, বোধন এবং দেবীর অধিবাসের মধ্যদিয়ে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয় বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

এবার দেবী এসেছেন দোলায়, যাবেন গজে চড়ে। এর মধ্যদিয়ে দেবী মর্ত্য ছেড়ে স্বর্গে ফিরবেন। বিজয়া দশমী উপলক্ষে আজ সরকারি ছুটির দিন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সর্বশেষ দেয়া তথ্য অনুসারে, এ বছর সারাদেশে ৩০ হাজার ২২৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গতবছর সারাদেশে দুর্গাপূজার মণ্ডপের সংখ্যা ছিল ৩১ হাজার ৩৯৮টি। গতবছরের তুলনায় এবার এক হাজার ১৭৫টি মণ্ডপে পূজা কম হচ্ছে।

সানবিডি/নাজমুল/১০:৪০/২৬.১০.২০২০