মালয়েশিয়ায় করোনাকালে ৪৯ অভিবাসীর আত্মহত্যা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-০৭ ১৬:১৫:৩৯


 

মালয়েশিয়ায় করোনাভাইরাসে কর্মহীন ৯ বাংলাদেশিসহ ৪৯ জন অভিবাসী শ্রমিক আত্মহত্যা করেছে। এর মধ্যে ১৪ জন মিয়ানমারের নাগরিক। সম্প্রতি দেশটির সংবাদ মাধ্যম, ‘হারিয়ান মেট্রো’, ‘মালয়েশিয়া কিনি’ এবং ‘বুকিত আমান’ (সিআইডি) ও বালাই (থানা) পুলিশের আলাদা আলাদা প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

আত্মহত্যাকারী অভিবাসীর মধ্যে বাংলাদেশের ৯ জন, মিয়ানমারের ১৪ জন, নেপালের ৯ জন, ভারতের ৫ জন, ইন্দোনেশিয়ার ৬ জন, পাকিস্তানের ২ জন, ভিয়েতনামের ১ জন এবং ব্রিটিশ ১ জন ও অস্ট্রেলিয়ার ১ জন নাগরিক রয়েছেন। বাকিদের এখনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যমগুলো।

এদিকে পুলিশের এই রিপোর্ট উদ্বেগজনক, কারণ প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বলছিলেন দেশটির মানবাধিকার সংস্থার এক কর্মী।

৪ ডিসেম্বর ‘জুস’ অনলাইনে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে ১৮ মার্চ থেকে শুরু হওয়া একটানা দীর্ঘ লকডাউনে অভিবাসী কর্মীরা তাদের কর্ম হারিয়েছে। এমতাবস্থায় চরম আর্থিক ও খাদ্য সংকটে পড়ে এবং অনিশ্চিত ছিল অভিবাসী শ্রমিকদের কর্ম জীবন।

লকডাউন চলাকালীন সরকার তার দেশের নাগরিকদের প্রতিমাসে একটি নির্দিষ্ট হারে আর্থিক অনুদান প্রদান করেছে। যার কারণে মালয়েশিয়ানদের দৈনন্দিন জীবন স্বাভাবিকভাবেই কেটেছে। অর্ধাহারে অনাহারে দিন কাটানো অভিবাসীদের কপালে জোটেনি এক মুঠো সরকারি সাহায্য।

 

 

সানবিডি/নাজমুল/০৪:১৫/০৭.১২.২০২০