আ’লীগের পরিবেশ উপকমিটিতে থাকছেন মাশরাফি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০১-০১ ১১:৩৬:৩৭


বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সহ সম্পাদক করা হয়েছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জনসচেতনতা তৈরিতে মাশরাফির জনপ্রিয়তা কাজে লাগানোর উদ্দেশে তাকে এই পদে আনা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।

বৃহস্পতিবার ১০০ সদস্যের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি অনুমোদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

উপকমিটিতে মাশরাফিকে রাখা প্রসঙ্গে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, মাশরাফি আমাদের গর্ব, তরুণ সমাজের আইকন। পরিবেশ রক্ষায় এ ধরনের সেলিব্রেটিদের উপ কমিটিতে রাখায়, তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।

বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটিতে চেয়ারম্যান হিসেবে থাকছেন অধ্যাপক খন্দকার বজলুল হক। সদস্য সচিব থাকছেন দেলোয়ার।

এই উপ কমিটিতে মাশরাফি ছাড়াও আরও ৬ জন সংসদ সদস্যকে রাখা হয়েছে।

তারা হলেন পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী, দীপংকর তালুকদার, জাফর আলম, আমিরুল আলম মিলন, নাহিদ ইজাহার খান ও মমতাজ বেগম।

উপ কমিটিতে বিশেষজ্ঞ হিসেবেও ১৭ জনকে রাখা হয়েছে।

সানবিডি/নাজমুল